দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহভাজন হাম আক্রান্তদের মধ্যে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে সারাদেশে ১ হাজার ৯২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।
সাম্প্রতিক ২৪ ঘণ্টায় হাম-সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্তদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে একই দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে প্রাণ হারিয়েছে আরও ৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৭৭৯ জন।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে ৬১ হাজার ২৭৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসআর