দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গজনিত কারণে আরও আটজন মারা গেছে।
নতুন শনাক্তদের মধ্যে ৬৭৪ জন সন্দেহভাজন হাম রোগী এবং ৫৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৮৫ জন।
সব মিলিয়ে এ সময়ে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে প্রাণ হারিয়েছে ৫৭৫ শিশু।
এসআর