রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হাম ও হামসদৃশ উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য প্রকাশ করে।
পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ৭২ দিনে দেশে হাম ও এ ধরনের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে ৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং ৪৬৭ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে।
সর্বশেষ মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগেই ছিল পাঁচজন। এছাড়া ময়মনসিংহে দুইজন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৮৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় সবচেয়ে বেশি ৩৬৬ জন ভর্তি হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, বরিশালে ১৫৭ জন এবং রাজশাহীতে ৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ৭২ দিনে সারাদেশে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন এবং হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের শরীরে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৪৮ হাজার ৮০০ জন।
এসআর