[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৬ ১১:০২ এএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে চিকিৎসাধীন

 অবস্থায় মোট ৩৫টি শিশু মারা গেল। একই সময়ে নতুন করে আরও ২৯ জন শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে সেখানে ১০০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

​মারা যাওয়া সাড়ে তিন বছর বয়সী মেয়ে শিশুটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা ছিল। গত ২০ মে তাকে হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার (২২ মে) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের দেওয়া মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে, হামের লক্ষণের পাশাপাশি শিশুটি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে আক্রান্ত ছিল।

​হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৯ জন শিশু মমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত এই লক্ষণ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৫৬০ জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪২৫ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে আরও ৫ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ১০০ শিশুর কাউকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার প্রয়োজন হয়নি।

​হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে প্রথমে এক-দুজন করে শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে বর্তমানে ৬৪ শয্যাবিশিষ্ট একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে, যেখানে তিনটি মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। মমেক হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর অফিসার ঝন্টু সরকার নতুন এক শিশুর মৃত্যু ও চিকিৎসাধীন রোগীর এই সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন।

এসআর

সম্পর্কিত খবর