[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৬ ৫:১১ পিএম

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬৩১ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।

একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২০৮ জন। মার্চের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৭৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৪০৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ হাজার ৩৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সন্দেহভাজন হামজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৫ জনে। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে নিশ্চিত হামজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৩।

এর আগে গত ২৬ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক হাম ও হাম-সদৃশ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটে। সেদিন ১ হাজার ৫৬৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর