[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

বিশ্বসেরা তরুণ নিউক্লিয়ার নেটওয়ার্কের স্বীকৃতি পেল বাংলাদেশের বিওয়াইএনসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ৩:৪৪ পিএম

সংগৃহীত ছবি

ফ্রান্সের আভিনিওঁতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস আইওয়াইএনসি ২০২৬-এ বিশ্বসেরা তরুণ নিউক্লিয়ার নেটওয়ার্কের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস (বিওয়াইএনসি)।

সম্মেলনে সংগঠনটিকে ‘সেরা ইয়াং জেনারেশন নেটওয়ার্ক’ ঘোষণা করা হয়।

একই সঙ্গে তরুণ পেশাজীবীদের জন্য অসামান্য অবদান ও কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ BYNC-এর হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘জুয়ান আলবার্তো গনজালেজ গারিদো অ্যাওয়ার্ড’।

গত ৪ থেকে ৯ অক্টোবর ফ্রান্সের আভিনিওঁতে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নিউক্লিয়ার বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেন।

সম্মেলনের মঞ্চে বড় পর্দায় বাংলাদেশের সংগঠন BYNC-এর নাম ঘোষণার পর উপস্থিত প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হয়।

আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তরুণদের এমন স্বীকৃতি দেশের নিউক্লিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি খাতের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

কেন এই পুরস্কার পেল BYNC

জুয়ান আলবার্তো গনজালেজ গারিদো অ্যাওয়ার্ড আন্তর্জাতিক ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেসের একটি বিশেষ স্বীকৃতি। তরুণ পেশাজীবীদের জন্য অসামান্য কাজ, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ের সমর্থন এবং কার্যকর ও ফলপ্রসূ কর্মসূচি বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় বা মহাদেশীয় ইয়াং জেনারেশন নেটওয়ার্ককে এ পুরস্কার দেওয়া হয়।

এবার বিশ্বের বিভিন্ন দেশের ও অঞ্চলের নেটওয়ার্কের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা হওয়ার স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। সংশ্লিষ্টদের তথ্যমতে, জাতিসংঘ, রাশিয়া, ইউরোপীয় নিউক্লিয়ার সোসাইটি (ENS), এশিয়ান ইয়াং জেনারেশন নেটওয়ার্ক (AYGN), জাপান ও উত্তর আমেরিকার নেটওয়ার্কসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনকে পেছনে ফেলে এ সম্মাননা অর্জন করে BYNC।

২০১৬ সালে প্যারিস হামলায় নিহত IYNC-এর নিবেদিতপ্রাণ কর্মকর্তা জুয়ান আলবার্তো গনজালেজ গারিদোর স্মরণে এই পুরস্কার চালু করা হয়। তাঁর স্মৃতিবিজড়িত এ সম্মাননা অর্জনকে নিজেদের জন্য গর্বের পাশাপাশি দায়িত্ব হিসেবেও দেখছে BYNC।

সংগঠনটি IYNC-এর ৪৯তম জাতীয় সদস্য সংগঠন। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক নিউক্লিয়ার অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে বাংলাদেশের এই তরুণ নেটওয়ার্ক।

‘এটি পুরো বাংলাদেশের অর্জন’

BYNC-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদুল হাসান সামী বলেন, “এটি আমাদের জন্য বিশাল অর্জন, আর সত্যি বলতে পুরো বাংলাদেশের জন্য। আমরা শুরু করেছিলাম একটি স্বপ্ন, ছোট একটি দল আর অনেক নির্ঘুম রাত নিয়ে। আজ IYNC-এর পুরো কমিউনিটি বড় পর্দায় আমাদের পতাকা উঠতে দেখেছে। প্রতিটি সদস্য, প্রতিটি উপদেষ্টা, প্রতিটি স্বেচ্ছাসেবী, যাঁরা BYNC-তে বিশ্বাস রেখেছেন, এই পুরস্কার তাঁদের সবার। আমরা এখানেই থামছি না। এটি কেবল শুরু।”

পুরস্কার গ্রহণ ও কর্মশালায় BYNC উপদেষ্টা

আভিনিওঁতে অনুষ্ঠিত কংগ্রেসে BYNC-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংগঠনটির উপদেষ্টা ফাহিম আনান। সম্মেলনের কর্মসূচিতে তিনি ফিউশন ম্যাটেরিয়ালস বা সংযোজন প্রযুক্তির উপকরণবিষয়ক একটি কর্মশালাও পরিচালনা করেন।

ফাহিম আনান বলেন, “BYNC-এর পক্ষে এই পুরস্কার গ্রহণ করা ছিল এই নেটওয়ার্ক গড়ে তোলা প্রত্যেকের জন্য গর্বের মুহূর্ত। ফিউশন ম্যাটেরিয়ালস নিয়ে কর্মশালা পরিচালনা করতে গিয়ে আমি বুঝেছি, জ্বালানির ভবিষ্যতে বাংলাদেশের তরুণরা কতটা অবদান রাখতে পারে। এই স্বীকৃতি আমাদের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।”

ঢাকায় ৫০০ অংশগ্রহণকারী নিয়ে শুরু হয়েছিল আন্তর্জাতিক সাফল্যের যাত্রা

আন্তর্জাতিক এ অর্জনের পেছনে রয়েছে ঢাকায় আয়োজিত একটি বড় উদ্যোগ। গত ৮ আগস্ট আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (AIUB) BYNC আয়োজন করে ‘I4N x InnoVenture Bangladesh 2026’। আয়োজকদের তথ্যমতে, এটি ছিল দেশে তরুণদের নেতৃত্বে আয়োজিত নিউক্লিয়ার বিজ্ঞান, উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক অন্যতম উচ্চাভিলাষী সম্মেলন।

এতে প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন। প্রধান I4N প্রতিযোগিতায় অংশ নেয় ১৫টি দল। পাশাপাশি পোস্টার উপস্থাপনা ও প্রকল্প প্রদর্শনী বিভাগে অংশ নেয় ৭০টি দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আলী জুলকারনাইন। ফ্রান্স থেকে সরাসরি যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠনে বক্তব্য দেন IYNC-এর সভাপতি বেনোয়া এরবাশে (Benoît Erbacher)। তিনি বাংলাদেশকে বৈশ্বিক I4N পরিবারের অংশ হিসেবে স্বাগত জানান।

অনুষ্ঠানের উপস্থাপক ছিল সুপারসাইন ক্যাবলস। সহযোগিতায় ছিল ঢাকার রাশিয়ান হাউস ও মেঘনা ব্যাংক। আয়োজক বিশ্ববিদ্যালয় হিসেবে দায়িত্ব পালন করে AIUB।

I4N কী এবং এর গুরুত্ব কতটুকু

ইনোভেশন ফর নিউক্লিয়ার (Innovation 4 Nuclear— I4N) হলো IYNC-এর প্রধান উদ্ভাবন প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় সদস্য সংগঠনগুলো এ প্রতিযোগিতার আয়োজন করে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা পরবর্তী সময়ে প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত IYNC কংগ্রেসের বৈশ্বিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।

এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ গবেষকেরা দেশের গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার প্রতিষ্ঠানগুলোর জ্যেষ্ঠ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক পর্যায়ের পেশাজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL), বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET), AIUB, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) প্রতিনিধিরা এ উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন।

অংশগ্রহণকারীরা তাঁদের গবেষণা ও প্রকল্পের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত, সম্ভাব্য গবেষণা তত্ত্বাবধায়ক ও নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক IYNC নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ পান। জাতীয় পর্যায়ের বিজয়ী দলের জন্য আন্তর্জাতিক কংগ্রেসে অংশগ্রহণের অর্থায়িত সুযোগও ছিল এ আয়োজনের অন্যতম আকর্ষণ।

BYNC-এর সাধারণ সম্পাদক নাজিফা তাসনিম বলেন, “মঞ্চে আমরা যা দেখেছি তা কোনো শিক্ষার্থী অনুশীলন ছিল না।

এটি ছিল গুরুত্বপূর্ণ ও যুক্তিনির্ভর প্রযুক্তিগত কাজ, যা উপস্থাপন করেছে এমন তরুণরা, যারা ঠিক জানত কেন এটি গুরুত্বপূর্ণ। আমাদের কাজ এখন নিশ্চিত করা, যেন সেই একদিনের গতি গবেষণা, অংশীদারিত্ব এবং ক্যারিয়ারে রূপ নেয়।”

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে Team RadSafe

I4N Bangladesh প্রতিযোগিতায় শিরোপা জয়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায় BYNC-এর দল ‘Team RadSafe’। দলের সদস্য মুবিন হোসাইন অমিও এবং মুনেম শাহরিয়ার ইসলাম শামন্ত আভিনিওঁতে অনুষ্ঠিত বৈশ্বিক I4N প্রতিযোগিতায় নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বৈশ্বিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো দলের অংশগ্রহণ ছিল এবারই প্রথম।

BYNC-এর নির্বাহী কর্মকর্তা মো. নজমুজ্জামান বলেন, “এ বছর বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল বিজয়ীর পুরস্কার না পেলেও, পরের বার আমরা আরও কঠোর পরিশ্রম করব, যেন সেই শিরোপা দেশে ফিরিয়ে আনতে পারি।”

আগামীর লক্ষ্য আরও বড়

আন্তর্জাতিক এ স্বীকৃতিকে ভবিষ্যতের কাজের অনুপ্রেরণা হিসেবে দেখছে BYNC। সংগঠনটির পক্ষ থেকে IYNC বোর্ড, কংগ্রেসের আয়োজক, উপদেষ্টা, অংশীদার, পৃষ্ঠপোষক, সদস্য ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম ও অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. আলতাব হোসেনের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদুল হাসান সামী, সহসভাপতি সাদিয়া নওশিন প্রমি, সাধারণ সম্পাদক নাজিফা তাসনিম, উপদেষ্টা ফাহিম আনান, কোষাধ্যক্ষ জারিন তাহসিন আনজুম, ওয়েবমাস্টার ও ডেভেলপার তামিম মুহাম্মদ রায়েদ এবং নির্বাহী কর্মকর্তা হাসিন মুhtাদি, মো. নজমুজ্জামান, আঁকা মুস্তাহসিন, কানস্বী রুবায়েত, তাসনিয়া ফিরোজ রামিয়া, নুসরাত জাহান, তৌফিক মাহমুদ তুর্জো ও শাদিক আল আরাফসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীদের অবদানের কথা তুলে ধরা হয়েছে।

BYNC জানিয়েছে, আগামী দিনে আরও বড় আয়োজন, গবেষণাভিত্তিক কর্মসূচি, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

BYNC ও IYNC পরিচিতি

বাংলাদেশ ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস (BYNC) বাংলাদেশের নিউক্লিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি খাতের শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের জাতীয় নেটওয়ার্ক।

শিক্ষা, গবেষণা, বিভিন্ন আয়োজন ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক পরিসরে সম্পৃক্ত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

অন্যদিকে, আন্তর্জাতিক ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস (IYNC) নিউক্লিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কর্মরত তরুণ পেশাজীবী ও শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। প্রতি দুই বছর অন্তর সংস্থাটির প্রধান সম্মেলন অনুষ্ঠিত হয়।

আভিনিওঁতে BYNC-এর এই অর্জন বাংলাদেশের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর