তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর দ্বিতীয় দিনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান দাবি হচ্ছে ঋণ নয়, বরং অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন বৃদ্ধি।
বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও তাপপ্রবাহের মতো ঝুঁকির কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। অথচ বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে নগণ্য।
বাংলাদেশের পক্ষ থেকে উন্নত দেশগুলোর কাছে অভিযোজন কার্যক্রমে অর্থায়ন বৃদ্ধি, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল থেকে দ্রুত সহায়তা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তরের দাবি গুরুত্ব পাচ্ছে।
বিশেষ করে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা, কৃষি খাতের অভিযোজন, পানি নিরাপত্তা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে।
জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের বৈশ্বিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো চায়, এ অর্থায়ন যেন সহজ শর্তে এবং প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে পৌঁছায়।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১-এর উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে তুরস্ক সফর করছেন।
১১ ও ১২ নভেম্বর তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যাশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য কপ-৩১ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ।
সম্মেলনে শুধু নতুন প্রতিশ্রুতি নয়, বরং পূর্বঘোষিত অর্থায়ন বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এ/এইচ/টি