[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

জলবায়ু সংকট মোকাবিলায় আন্তালিয়ায় শুরু হচ্ছে কপ-৩১

আবদুল হাই তুহিন, আন্তালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ২:৫৪ এএম

সংগৃহীত ছবি

তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় আজ সোমবার শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন—কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১)।

২০ নভেম্বর পর্যন্ত চলবে ১২ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গোবেকলিতেপে থেকে বৈশ্বিক নিট-শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যের পথে’। সম্মেলনের মূল বার্তা হচ্ছে—‘সংলাপ থেকে ঐকমত্য, ঐকমত্য থেকে কার্যকর পদক্ষেপ’।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, কার্বন নিঃসরণ কমানো, পরিচ্ছন্ন জ্বালানির প্রসার এবং জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।

একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতিগুলোকে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ও কার্যকর উদ্যোগে রূপ দেওয়ার ওপর জোর দেওয়া হবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের আওতায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ১৯৭টি পক্ষের প্রতিনিধি, রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, বিজ্ঞানী, গবেষক, জলবায়ু বিশেষজ্ঞ, পরিবেশকর্মী, তরুণ প্রতিনিধি, ব্যবসায়ী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণে এবারের সম্মেলন জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।

এবারের সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক। কপ-৩১-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। অন্যদিকে আলোচনার নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। তুরস্কের আয়োজনে এবং অস্ট্রেলিয়ার আলোচনাগত নেতৃত্বে এবারের সম্মেলনে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ও অগ্রাধিকার

কপ-৩১-এর মূল প্রতিপাদ্যে তুরস্কের ঐতিহাসিক ঐতিহ্য গোবেকলিতেপে থেকে বৈশ্বিক নিট-শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যে পৌঁছানোর বিষয়টি তুলে ধরা হয়েছে।

এর মাধ্যমে ঐতিহ্য, মানবসভ্যতা, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গড়ার প্রত্যয় প্রকাশ করা হয়েছে।

এবারের সম্মেলনের কর্মপরিকল্পনায় ১০টি অগ্রাধিকারমূলক বিষয় নির্ধারণ করা হয়েছে।

এগুলো হলো—শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, মহাসাগর ও সমুদ্র সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা, জলবায়ু সহনশীল নগর গঠন, জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে সেতুবন্ধন, তরুণ ও শিক্ষা, সবুজ শিল্পায়ন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, পরিবেশবিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলোর মধ্যে সমন্বয় এবং গতিশীল ও জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা।

এসব অগ্রাধিকারের পাশাপাশি জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোও সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাবে। বিশেষ করে উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করার দাবি জোরালো হওয়ার প্রত্যাশা রয়েছে।

১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন

কপ-৩১-এর অন্যতম আকর্ষণ হচ্ছে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘আন্তালিয়া বিশ্বনেতা সম্মেলন’। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য—‘টেকসই, সহনশীল ও ন্যায়সংগত ভবিষ্যতের পথে’।

এতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিশ্বনেতাদের এই উচ্চপর্যায়ের বৈঠকে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ শিল্পায়ন, জলবায়ু অর্থায়ন এবং নগর এলাকার জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সম্মেলনে অংশ নিবেন বলে জানা গেছে।

১২ দিনের কর্মসূচিতে থাকছে নানা বিষয়

আয়োজক কর্তৃপক্ষের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ৯ নভেম্বর খাদ্য, কৃষি ও স্বাস্থ্যবিষয়ক আলোচনা দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। ১০ নভেম্বর গুরুত্ব পাবে জ্বালানি ও পরিবহন খাত।

১১ নভেম্বর শূন্য বর্জ্য ব্যবস্থাপনা এবং ১২ নভেম্বর জলবায়ু সহনশীল নগর ও অবকাঠামো নিয়ে আলোচনা হবে। এ দুই দিনই অনুষ্ঠিত হবে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন।

১৩ নভেম্বর জলবায়ু অর্থায়ন ও বাণিজ্য, ১৪ নভেম্বর শিশু, তরুণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং ১৫ নভেম্বর সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি; ১৭ নভেম্বর সমুদ্র, প্রকৃতি, বন ও ভূমি ব্যবস্থাপনা; ১৮ নভেম্বর মানবিক ও সামাজিক উন্নয়ন এবং ১৯ নভেম্বর জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষমতা ও অর্থায়নের বিষয়টি গুরুত্ব পাবে।

২০ নভেম্বর চূড়ান্ত আলোচনা, সমঝোতা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ কপ-৩১

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, খরা এবং অনিয়মিত বৃষ্টিপাতের কারণে দেশের কৃষি, খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য, অবকাঠামো ও মানুষের জীবন-জীবিকা ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়ছে।

এ পরিস্থিতিতে কপ-৩১ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রমে সহায়তা, ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থ ও প্রযুক্তি প্রাপ্তি এবং জলবায়ু ন্যায্যতার দাবি তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ।

বিশেষ করে উপকূলীয় এলাকার সুরক্ষা, দুর্যোগ মোকাবিলা, কৃষিতে জলবায়ু অভিযোজন, নিরাপদ পানির ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি।

বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলক কম হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশটিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

এ কারণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের আলোচনায় বিশেষ গুরুত্ব পাওয়ার প্রত্যাশা রয়েছে।

জলবায়ু বিশ্লেষকদের মতে, এবারের সম্মেলনের বড় চ্যালেঞ্জ হবে নতুন প্রতিশ্রুতি ঘোষণার পাশাপাশি আগের অঙ্গীকারগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা।

বিশেষ করে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে সহায়তা পৌঁছে দেওয়া এবং বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

২০ নভেম্বর পর্যন্ত চলা কপ-৩১-এর আলোচনা ও সিদ্ধান্ত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক অর্থায়ন এবং ভবিষ্যৎ জলবায়ু নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলার আশা প্রকাশ করছেন। 

এ/এইচ/টি

সম্পর্কিত খবর