[email protected] বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

মিস ইউনিভার্সে সাফল্য না পেলেও দেশবাসীর ভালোবাসায় গর্বিত সামিরা খান মাহি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ৬:১৮ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেও সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

তবে প্রতিযোগিতায় প্রত্যাশিত ফল না পেলেও দেশবাসীর ভালোবাসা ও সমর্থনকে নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

 

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। প্রতিযোগিতায় তাকে ঘিরে মানুষের প্রত্যাশা, ভোট, দোয়া ও নিরন্তর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

 

বার্তায় মাহি বলেন, বাংলাদেশের নাম আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করার লক্ষ্য নিয়েই তিনি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন এই মডেল ও অভিনেত্রী। তবে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

 

পুয়ের্তো রিকোয় বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ফিনালের এক ঘণ্টা আগেও দর্শকদের ভোটে এগিয়ে ছিলেন সামিরা খান মাহি। কিন্তু শেষ পর্যন্ত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা হয়নি তার। এবারের আসরে বিজয়ীর মুকুট অর্জন করেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।

 

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মাহি মনে করেন, প্রতিটি প্রচেষ্টার ফল প্রত্যাশামতো না হলেও সেই পথচলার অভিজ্ঞতা ও স্মৃতির গুরুত্ব কমে যায় না। প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে না পারলেও মানুষের ভালোবাসাকে বড় অর্জন হিসেবে বিবেচনা করছেন তিনি।

 

স্ট্যাটাসের শেষাংশে মাহি জানান, বাংলাদেশের পরিচয় ও গর্ব নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান। তার প্রতি আস্থা রাখা, পাশে থাকা এবং সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এফ/ডি

সম্পর্কিত খবর