আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর উল্লেখযোগ্য হারে কমেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় আগামী ডিসেম্বরের বৈঠকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৬৭৪ দশমিক ১৩ ডলারে নেমে আসে। দিনের লেনদেনে একপর্যায়ে দাম আরও কমে ৩ হাজার ৬৬৭ দশমিক ১৯ ডলারে পৌঁছায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটি সর্বনিম্ন দর।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহভিত্তিক স্বর্ণের ফিউচার মূল্যও কমেছে। দিন শেষে এ দর ১ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৮৫ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়।
এভারব্যাংকের ওয়ার্ল্ড মার্কেটস বিভাগের প্রধান ক্রিস গ্যাফনির মতে, সুদের হার বৃদ্ধির প্রত্যাশা এবং মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি জানান, গত মাসে ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের প্রকাশিত কার্যবিবরণীতে অধিকাংশ কর্মকর্তার বক্তব্যে সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। পরবর্তী সময়ে প্রকাশিত মূল্যস্ফীতির পরিসংখ্যানও সেই ধারণাকে জোরালো করেছে।
এদিকে চলতি সপ্তাহে ডলার সূচক ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ডলারের শক্তিশালী অবস্থানের কারণে অন্যান্য মুদ্রায় লেনদেনকারী ক্রেতাদের কাছে স্বর্ণের দাম তুলনামূলক বেড়ে যাচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে ধাতুটির চাহিদা কমার চাপ তৈরি হয়েছে।
ফেডের বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি আবারও বাড়ার আশঙ্কার কথাও উঠে এসেছে। এ পরিস্থিতিতে মুদ্রানীতি আরও কঠোর করার প্রয়োজন হতে পারে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।
ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা চলতি সপ্তাহে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন। আরেক গভর্নর মাইকেল বারও জানিয়েছেন, মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকলে তিনি কঠোর মুদ্রানীতিকে সমর্থন করতে পারেন।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সুদের হার ও ডলারের গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পরবর্তী দর।
এফ/ডি