[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

এফডিসিতে জয় চৌধুরীকে ঘিরে হেলাল খানের ক্ষোভ, উত্তপ্ত বাক্যবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ৮:০৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে চিত্রনায়ক জয় চৌধুরী ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে।

একপর্যায়ে জয়কে উদ্দেশ করে ‘তুই ফ্যাসিস্ট’ মন্তব্য করেন হেলাল খান।

 

রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসির প্রধান ফটকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

 

তবে এফডিসিতে অবস্থান করলেও কর্মসূচিতে উপস্থিত ছিলেন না চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী এবং সমিতির কয়েকজন সদস্য। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হেলাল খান।

 

মানববন্ধন শেষ হওয়ার পর শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয়ের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। জয় নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলে হেলাল আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। সেখানে বসে থাকা কয়েকজনকেও উদ্দেশ করে বিরূপ মন্তব্য করেন তিনি।

 

হেলাল খান বলেন, যারা সেখানে বসে আছেন, তারা সবাই ফ্যাসিস্ট। জয়কে চুপ থাকতে বলেও মন্তব্য করেন তিনি। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথাও বলেন এই চিত্রনায়ক।

 

ঘটনা সম্পর্কে জয় চৌধুরী জানান, শিল্পী সমিতির সামনে বসে থাকা ব্যক্তিরা চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত। তায়েবের আসতে দেরি হওয়ায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটার জন্যও কয়েকজন সেখানে এসেছিলেন।

 

জয় আরও বলেন, ডি এ তায়েবের পক্ষে কথা বলা এবং মানববন্ধনে যোগ দিতে কিছুটা দেরি হওয়ার কারণে হেলাল খান তার ওপর ক্ষুব্ধ হয়েছেন। রাগের মাথায় তাকে ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন বলেও জানান তিনি।

 

এর আগে বিকেলে এফডিসি প্রাঙ্গণের প্রতিবাদ কর্মসূচিতে হেলাল খান ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার এবং মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

এফ/ডি

সম্পর্কিত খবর