দীপাবলির উৎসবে তারকাদের বাহারি সাজের ভিড়ে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী
কারিনা কাপুর খান। তবে তার সাজের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল পোশাকের চেয়েও পরিবারের কয়েক প্রজন্মের ইতিহাস বহন করা দুর্লভ সব গয়না। মাথায় প্রায় ২০০ বছরের পুরোনো অলংকার এবং গলায় ৩০ ক্যারেটের পান্না পরিহিত কারিনার এই নবাবি রূপ নিয়ে এখন ফ্যাশন দুনিয়ায় ব্যাপক আলোচনা চলছে।
ফ্যাশন সাময়িকী ভোগ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির আয়োজনে কারিনা বেছে নিয়েছিলেন জয়পুরের ডিজাইনার পুনিত বালানার নকশা করা বেইজ রঙের লম্বা পোশাক ও পাগড়ি। রাজস্থানের ঐতিহ্যবাহী হাতে তৈরি রুপার গোটাপট্টি বা লাপ্পে কা কামে সাজানো এই পোশাকটির পাশাপাশি মূল আকর্ষণ ছিল তার পরিহিত অলংকারগুলো।
কারিনার মাথায় ছিল সাইফ আলী খানের পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো কালগি বা সরপেঁচ, যা একসময় ভোপালের নবাবের সম্পত্তি ছিল। ২০১২ সালে নিজেদের বিয়ের সময় সাইফও এটি ব্যবহার করেছিলেন।
এছাড়া তার গলার চোকার ও চেইনে থাকা ৩০ ক্যারেটের পান্নাটিতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। অনন্য এই গয়নাটি ভোপালের শেষ নবাব মুহাম্মদ হামিদুল্লাহ খানের কন্যা ও সাইফের দাদি সাজিদা সুলতানের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সাইফ পেয়েছেন। সব মিলিয়ে আধুনিক ফ্যাশন ও নবাব পরিবারের ঐতিহ্য মিশে কারিনার এই দীপাবলি সাজ অনুরাগীদের প্রশংসা কুড়াচ্ছে।
এইচ/এম