[email protected] বৃহঃস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদ থেকে বিয়ে, সাবেক প্রেমিককেই বেছে নেওয়ার কারণ জানালেন কাজল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ ১:২৭ পিএম

সংগৃহীত ছবি

বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিচ্ছেদ—তবু শেষ পর্যন্ত সেই সাবেক প্রেমিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে

 নেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি স্বামী গৌতম কিচলুর সঙ্গে প্রেমের সূচনা, বিচ্ছেদ এবং পুনরায় একত্র হওয়ার পেছনের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে জানিয়েছেন, করোনাকালে কীভাবে তাদের সম্পর্ক নতুন মোড় নিয়েছিল।

​সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রেমের গল্প বলতে গিয়ে কাজল আগরওয়াল জানান, তিনি সত্যিই ভাগ্যবতী যে নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করতে পেরেছেন। এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে স্বামী গৌতমের সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল। সেই আলাপ থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। প্রায় ১৩ বছর আগে তাদের প্রেমের সম্পর্ক শুরু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি এবং মাঝপথে তাদের বিচ্ছেদ ঘটে।

​তবে বিচ্ছেদ ঘটলেও তাদের বন্ধুত্বের সম্পর্কে ছেদ পড়েনি। দুজনেই পরবর্তীতে অন্য সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও একে অপরের প্রতি অবর্ণনীয় টান রয়ে গিয়েছিল।

​কাজল বলেন, ‘আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। তবে বন্ধু থেকেছি, অন্য মানুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছি। তারপর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসঙ্গেই থাকার কথা।’

​করোনাকাল তাদের সেই উপলব্ধিকে আরও গভীর করে তোলে। বিশ্বজুড়ে যখন চরম অনিশ্চয়তা বিরাজ করছিল, সেই সময়েই তারা দুজনে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। তবে এবার সম্পর্ক নিয়ে আর কোনো রাখঢাক বা অনিশ্চয়তা রাখতে চাননি এই দক্ষিণী তারকা। গৌতমকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে, বিয়ে করতে রাজি হলেই কেবল নতুন করে সম্পর্ক শুরু হবে।

​অভিনেত্রী বলেন, ‘আমি ওকে বলেছিলাম— এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায় হও। এবার আর অন্য কোনো পথ নেই।’

​তিনি আরও জানান, দীর্ঘ বছর ধরে একে অপরকে চেনার সুবাদে নতুন করে কাউকে চেনার আর কোনো অবকাশ ছিল না। দুজনের ভালোমন্দ, পছন্দ-অপছন্দ এবং জীবনের নানা ওঠাপড়ার প্রতিটি বিষয়ই তাদের জানা ছিল। এছাড়া করোনাকালে পেশাগত ব্যস্ততা কিছুটা কমে যাওয়ায় ব্যক্তিগত জীবনে সময় দেওয়ার সুযোগ মিলেছিল।

​কাজলের ভাষায়, ‘লকডাউন আমাদের নিজেদের জীবনটাকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছিল। সবসময় কাজের পেছনে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবনের দিকে তাকানোর অবকাশ ছিল না। ওই সময়টাতেই আমরা একে অপরকে আরও বেশি করে সময় দিতে পেরেছিলাম।’

​উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর মাসে কঠোর করোনাকালে সীমিত পরিসরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন কাজল আগরওয়াল ও গৌতম কিচলু।

এইচ/এম

সম্পর্কিত খবর