জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘিকে ঘিরে ধারণ করা হয়েছে জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব।
হানিফ সংকেতের উপস্থাপনায় পর্বটি আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
এবারের আয়োজনে দর্শকদের জন্য থাকছে তিন ধরনের বিশেষ সংগীত পরিবেশনা। খুরশীদ আলম তার জনপ্রিয় তিনটি গান নিয়ে তৈরি বিশেষ পরিবেশনায় অংশ নেবেন। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কাজী নজরুল ইসলামের একটি পরিচিত গান নতুন সংগীতায়োজনে গাইবেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি। পাশাপাশি জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে কেন্দ্র করে পরিবেশিত হবে নৃত্যগীত।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উঠে আসবে জয়পুরহাটের কৃষি, পোলট্রি শিল্প, দর্শনীয় স্থান ও স্থানীয় ঐতিহ্যের নানা চিত্র। তুলে ধরা হবে বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রামের গল্প। ছাই ব্যবহার করে মাটির ক্যানভাসে প্রতিকৃতি তৈরি করেন শিল্পী প্রসেনজিৎ বর্মন—তার কাজ ও জীবনও থাকবে এবারের আয়োজনে। এ ছাড়া যশোরের কেশবপুরের লেয়াকত আলীর মানবিক উদ্যোগের কথাও দেখানো হবে।
সমসাময়িক নানা সামাজিক বিষয় নিয়েও থাকছে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। অনলাইন প্রতারণা, সেলফি তোলার প্রবণতা, কনটেন্ট নির্মাতা, ডিজিটাল ট্রল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আচরণ এতে তুলে ধরা হবে।
নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকছে দর্শকপর্ব, চিঠিপত্র এবং অন্যান্য পরিবেশনা।
অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনার দায়িত্বে রয়েছেন হানিফ সংকেত। বরাবরের মতো এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এফ/ডি