ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।
একসময় পর্দার জনপ্রিয় জুটি ছিলেন মৌসুমী ও ওমর সানী। বাস্তব জীবনেও দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য তাঁদের। তবে বিভিন্ন সময়ে এই তারকা দম্পতির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
এসব প্রসঙ্গে মৌসুমী জানান, পরিচিতি ও জনপ্রিয়তা যতই বাড়ুক, সমালোচনা থেকে মুক্ত থাকা সম্ভব নয়। তাঁর মতে, মানুষের নেতিবাচক মন্তব্য বা সমালোচনাও কখনো কখনো সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করে। সমালোচকদের কাজের মূল্যায়ন তাঁকে আরও ভালো করার সুযোগ তৈরি করে দেয়।
অভিনেত্রী বলেন, ওমর সানীর সঙ্গে জুটি বেঁধে এবং এককভাবে দুজনেই অনেক কাজ করেছেন। এসব কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবে জীবনের দীর্ঘ পথচলায় নেতিবাচক আলোচনার চেয়ে ইতিবাচক অর্জনই বেশি পেয়েছেন বলে মনে করেন তিনি।
দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে মৌসুমী বলেন, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সময় ভিত্তিহীন ও বিভ্রান্তিকর খবর প্রকাশ হয়েছে। এসব পরিস্থিতি ধৈর্যের সঙ্গে সামাল দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা। বাইরের আলোচনা গুরুত্ব না দিয়ে একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েই তাঁদের পথচলা।
তিনি আরও জানান, কোনো পরিস্থিতিতেই একে অপরকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি নিয়েই তাঁরা সংসার শুরু করেছিলেন। সেই অঙ্গীকার থেকেই আজীবন একসঙ্গে থাকার প্রত্যয় রয়েছে তাঁদের।
ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলকে স্বাভাবিক হিসেবেই দেখেন এই অভিনেত্রী। তবে কাজের ব্যস্ততার কারণে একসময় পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেননি বলে জানান তিনি।
মৌসুমীর ভাষ্য, অভিনয় ও পেশাগত ব্যস্ততা সামলাতে গিয়ে নিজের ব্যক্তিগত স্বাধীনতা, আনন্দ এবং মানসিক প্রশান্তির সঙ্গে অনেক সময় সমঝোতা করতে হয়েছে। তারপরও কাজ শেষে পরিবারের কাছেই ফিরে এসেছেন তিনি। কারণ জীবনের সব ব্যস্ততা ও অর্জনের পর পরিবারের মধ্যেই নিজের প্রকৃত স্বস্তি খুঁজে পান এই অভিনেত্রী।
এফ/ডি