ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে নিয়ে নতুন চর্চা ও কৌতূহল শুরু
হয়েছে বিনোদনপাড়ায়। বলিউডের মেগাপ্রজেক্ট ‘রামায়ণ’ কেন্দ্রিক আলোচনা ও বিতর্কের মধ্যেই সম্পূর্ণ ভিন্ন ও শক্তিশালী এক রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই তারকা। ধানুশ ও মেগাস্টার মাম্মুটির নতুন সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ১: উদিরাম: দ্য ব্লাড উড’-এ তাকে একজন দুর্ধর্ষ সিবিআই (CBI) কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে।
সম্প্রতি প্রকাশিত সাই পল্লবীর ফার্স্ট লুক নজর কেড়েছে ভক্তদের। এই সিনেমায় তার চরিত্রটির নাম ‘নিত্যা রেড্ডি’। প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, লাল চন্দনকাঠ পাচারের রহস্য উদ্ঘাটনে এক জটিল তদন্ত করছেন এই কর্মকর্তা। অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলার নাইদুপেটের মেয়ে নিত্যার রয়েছে বনের প্রতি বিশেষ এক আবেগের টান। তার বাবা একজন বন কর্মকর্তা ছিলেন, যিনি জঙ্গল রক্ষা করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন। বাবার এই আত্মত্যাগ নিত্যা চরিত্রটিকে দিয়েছে এক অনন্য দৃঢ়তা।
‘মারি ২’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘রাউডি বেবি’র পর ধানুশ ও সাই পল্লবীকে আবারও পর্দায় একসঙ্গে দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই মেগা প্রজেক্টের মূল ভূমিকায় রয়েছেন ধানুশ ও মাম্মুটি।
ছবিটি প্রথমত গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও, রজনীকান্তের ‘জেলার ২’ সিনেমার সাথে সম্ভাব্য মুখোমুখি সংঘাত এড়াতে দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। বর্ষীয়ান তারকা রজনীকান্তের প্রতি সম্মান জানিয়ে অভিনেতা ধানুশ নিজেই পরবর্তীতে সিনেমাটি আগামী ২০ নভেম্বর মুক্তির নতুন তারিখ হিসেবে ঘোষণা করেন। বিতর্ক পেছনে ফেলে অ্যাকশন চরিত্রে সাই পল্লবীর এই নতুন অবতার সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ও প্রতীক্ষা আরও বাড়িয়ে দিয়েছে।
এসআর