[email protected] বৃহঃস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

‘আমার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছেন কেন?’—প্রশ্ন তানজিন তিশার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ৬:০৫ পিএম

সংগৃহীত ছবি

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা ও আদালতের

 সমন জারির পর নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে ফেসবুকে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তার প্রশ্ন, দীর্ঘদিনের সম্মান, ক্যারিয়ার ও অর্জন নষ্ট করার চেষ্টা কারা করছেন এবং কেন করছেন।

​ফেসবুকে দেওয়া একটি পোস্টে দুটি শাড়ির প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর ছবির কোলাজ যুক্ত করে তিশা অভিযোগ করেন, তার একটি বক্তব্যের রেকর্ড থেকে সুবিধামতো অংশ কেটে মূল অর্থের পরিবর্তন করা হয়েছে। এরপর সেটি ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার সম্মানহানির চেষ্টা চালানো হচ্ছে।

​পোস্টে তিনি লেখেন, ‘এত বড় একটা পরিকল্পনা? একজন মানুষের এত বছরের সম্মান, ক্যারিয়ার আর অর্জন ধ্বংস করে দেওয়ার এমন বিশাল ঘৃণ্য প্রচেষ্টা? কেন? কিসের জন্য? আর এর পেছনে কারা?’

​আইনি জটিলতা ও অভিযোগের পটভূমি:

তানজিন তিশাকে ঘিরে শাড়ি সংক্রান্ত বিতর্কের সূত্রপাত গত বছরের অক্টোবরে। অনলাইন পোশাক বিক্রির প্রতিষ্ঠান 'অ্যাপোনিয়া'-র স্বত্বাধিকারী বিলকিস ওয়াজিরের অভিযোগ, প্রচারণার শর্তে একটি জামদানি শাড়ি নেওয়া হলেও তিশা তা প্রচার করেননি এবং দামও পরিশোধ করেননি। তবে তিশা শুরু থেকেই দাবি করে আসছেন শাড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিল।

​অন্যদিকে, ৭৫ হাজার টাকা মূল্যের আরেকটি শাড়ি নিয়ে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

​এ মামলায় পিবিআই অব্যাহতির সুপারিশ করলেও বাদীপক্ষের নারাজি আবেদনের প্রেক্ষিতে আদালত গত ২৫ অক্টোবর সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। এর এক দিন পর, ২৬ অক্টোবর আগের মামলাটি তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা করেন সানায়া চৌধুরী।

​সাংবাদিকতা ও আদালতের ভূমিকার প্রশ্ন:

যাচাই-বাছাই ছাড়া কোনো অভিযোগ সামনে এলেই তা বিশ্বাস করা বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তানজিন তিশা। তার মতে, অভিযোগের সত্যতা যাচাই করার দায়িত্ব আদালত ও দায়িত্বশীল সাংবাদিকতার, আর এ বিষয়ে অনেক তথ্যপ্রমাণ ও উত্তর তার কাছে রয়েছে।

​একের পর এক অভিযোগ ও মামলার বেড়াজালে পড়ে নিজের দীর্ঘদিনের সম্মান ও পেশাগত অর্জন ক্ষতিগ্রস্ত করার পেছনে কাদের হাত রয়েছে, সেই প্রশ্নই এখন তুলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

এসআর

সম্পর্কিত খবর