বলিউডের এক সময়ের বহুল চর্চিত ও জনপ্রিয় জুটি শাহিদ কাপুর ও কারিনা কাপুর খানকে
দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা গেল। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত আইফা (IIFA) সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে মুখোমুখি হন সাবেক এই তারকা যুগল।
ইভেন্টে একে অপরকে দেখে সৌহার্দ্যপূর্ণভাবে জড়িয়ে ধরেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিষ্টি মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। ২০০৭ সালের সুপারহিট ছবি ‘যব উই মেট’-এর স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। অনেকেই এই জুটিকে পর্দায় ফিরিয়ে আনার দাবি জানানোর পাশাপাশি ‘যব উই মেট’-এর সিক্যুয়েল তৈরির আকুতি জানিয়েছেন।
অনুষ্ঠানে কারিনা কাপুরকে একটি স্টাইলিশ ব্ল্যাক লেদার টপ ও স্কার্টে এবং শাহিদ কাপুরকে সাদা স্যুটে দেখা যায়।
পুরোনো সম্পর্ক ও বর্তমান জীবন
উল্লেখ্য, ২০০৭ সালে ‘যব উই মেট’ চলচ্চিত্রের শুটিং চলাকালেই শাহিদ ও কারিনার বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা; এই দম্পতির তৈমুর ও জেহ নামে দুই ছেলে রয়েছে। অন্যদিকে, ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর; তাদের মিশা নামে এক কন্যা ও জৈন নামে এক পুত্রসন্তান রয়েছে।
পূর্বেও দেখা গেছে একই সৌজন্য
আইফা ইভেন্টে তাদের এমন সৌজন্যমূলক সাক্ষাৎ এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে জয়পুরে অনুষ্ঠিত আইফার একটি অনুষ্ঠানেও তাদের এক অপরকে একইভাবে অভিবাদন জানাতে দেখা গিয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে শাহিদ কাপুর জানান, তাঁদের মধ্যে বিষয়টি অত্যন্ত স্বাভাবিক এবং সাধারণ ঘটনা।
এছাড়া সম্প্রতি শাহিদ পত্নী মীরা রাজপুতও কারিনা কাপুরের জনপ্রিয় টক শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ অতিথি হিসেবে অংশ নেন। শো শেষে কারিনা ও মীরা সামাজিক মাধ্যমে একে অপরের ভূয়সী প্রশংসা করেন এবং পারস্পরিক সৌহার্দ্য প্রকাশ করেন।
এসআর