চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন
সংসদ সদস্য মিমি চক্রবর্তী। গত কদিন ধরেই টালিপাড়ায় এই খবর ঘিরে তুমুল গুঞ্জন শুরু হয়েছে। গুঞ্জন সত্যি হলে, অবিবাহিত হিসেবে এটিই ছিল তার জীবনের শেষ দুর্গাপূজা।
প্রতিবছরই পূজার নানা আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিমি। তবে এবার পূজামণ্ডপের আনন্দের মাঝে তার বিয়ের গুঞ্জন যোগ হওয়ায় সেই আনন্দ অন্য মাত্রা পেয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি অভিনীত চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। ছবির প্রচারণার ব্যস্ততা ও বিয়ের জল্পনার মাঝেই দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছিলেন তিনি।
অষ্টমী-নবমীর উদযাপনে নবমীর রাতে প্রতিবারের মতো এবারও পূজামণ্ডপে ধুনুচি নাচে অংশ নেন এই অভিনেত্রী। আটপৌরে কায়দায় পরা গাঢ় গোলাপি বেনারসি ও নীল ব্লাউজের সাবেক সাজে ঢাকের তালে তালে তার ধুনুচি নাচ সবার নজর কাড়ে। পূজা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন মিমি, যেখানে তাকে বন্ধু অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে আনন্দের নাচে মেতে উঠতে দেখা যায়।
চলচ্চিত্র পাড়ায় জোর চর্চা চলছে, আগামী ডিসেম্বরে পাহাড়ি শহর কালিম্পঙে বসতে পারে মিমির বিয়ের রঙিন আসর। এমনকি ঘনিষ্ঠ মহলে ইতোমধ্যে নিমন্ত্রণের তোড়জোড়ও শুরু হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। তবে বিয়ের এই খবরের সত্যতা নিয়ে মিমি চক্রবর্তী বা তার টিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এসআর