গ্রিসের সুবিখ্যাত সান্তোরিনি দ্বীপে নতুন এক রূপে ক্যামেরাবন্দী হলেন মডেল ও জনপ্রিয় অভিনেত্রী
সারিকা সাবরিন। সমুদ্রের নীলাভ জলরাশি, পাহাড়ের গায়ে ঘেঁষে থাকা দুধসাদা বাড়ি আর নীল গম্বুজের মনোরম পটভূমিতে নীল রঙের দীর্ঘ গাউনে তাঁর এই নতুন অবতার ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
রোববার দুপুরে নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে গ্রিসের এজিয়ান সাগর ও সান্তোরিনির চেনা সৌন্দর্যে ঘেরা কয়েকটি ছবি প্রকাশ করেন সারিকা। সেখানে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে এজিয়ান সাগরের প্রাকৃতিক দৃশ্য রেখে কখনো দাঁড়িয়ে, আবার কখনো বসে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিচ্ছেন তিনি। চারপাশের নীল ও সাদা আবহাওয়ার সাথে তাঁর পরনের নীল গাউনটি এক দারুণ সামঞ্জস্য তৈরি করেছে।
ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এজিয়ান সাগরের স্বপ্ন যেন সত্যি হলো; যেখানে আভিজাত্যের সাথে মিশেছে এজিয়ানের নীল আর সাদা।’
বিজ্ঞাপন ও ছোট পর্দার অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে সারিকাকে সচরাচর পাশ্চাত্য বা লম্বা গাউন পরিহিত অবস্থায় খুব একটা দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিত থাকলেও তাঁর এই ব্যতিক্রমী ও নতুন সাজপোশাকের লুক ভক্তদের মধ্যে বেশ বিস্ময় ও গুঞ্জন তৈরি করেছে। কমেন্ট বক্সে অনুরাগী ও দর্শকেরা তাঁর এই নতুন রুপের ব্যাপক প্রশংসাও করছেন।
এসআর