বলিউড অভিনেতা অজয় দেবগণের ফ্র্যাঞ্চাইজি ছবি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তির দ্বিতীয়
রোববারেই ভারতের বক্স অফিসে ৩০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এর মাধ্যমে এটি অভিনেতার চলচ্চিত্র জীবনের সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির রেকর্ড গড়েছে।
বক্স অফিসের তথ্য অনুযায়ী, মুক্তির দশম দিনে ছবিটি ২২.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। স্যাকনিল্কের হিসাব অনুযায়ী ভারতে ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩৭০.৮০ কোটি টাকা। এছাড়া বিদেশের বাজারে এর আয় ১০৯.০০ কোটি টাকা পৌঁছানোয় বিশ্বব্যাপী ছবিটির মোট সংগ্রহ এখন ৪৭৯.৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
চলতি ২০২৬ সালে চতুর্থ হিন্দি ছবি হিসেবে এটি তিনশো কোটির ক্লাবে প্রবেশ করল। এর আগে অজয় দেবগণের সর্বোচ্চ আয়কারী ছবি ছিল ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। সমালোচকদের মতে, ছবিটিতে অজয় দেবগণের পাশাপাশি জয়দীপ আহলাওয়াতের অভিনয় দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
অভিষেক পাঠকের পরিচালনায় প্যানোরামা স্টুডিও ও স্টার স্টুডিওর প্রযোজনায় নির্মিত এই ছবিটিতে আরও অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত। উল্লেখ্য, আগের পর্বগুলোর মতো এটি সরাসরি মালয়ালম সংস্করণের পুনর্নির্মাণ নয়, বরং এর গল্প সম্পূর্ণ মৌলিক।
এসআর