পরিচালক হিসেবে টালিউড অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের নতুন সফর ‘দেশু ৭’।
সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’র আদলেই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নজরুলমঞ্চে ভক্ত-অনুরাগীদের নিয়ে দেব প্রকাশ্যে আনেন নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘দেশু ৭’। এই সিনেমায় তিনি একাধারে পরিচালক, প্রযোজক ও প্রধান অভিনেতা।
ট্রেলার মুক্তি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দুই টালিউড সুপারস্টার দেব ও জিতের দীর্ঘদিনের দূরত্ব ভুলে একই মঞ্চে উপস্থিতি। দেবের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হন জিৎ। শুধু উপস্থিতিতেই সীমাবদ্ধ না থেকে, মঞ্চে দাঁড়িয়েই একসঙ্গে কাজ করার ইঙ্গিত দেন তারা।
অনুষ্ঠানে দেব ও জিতকে পাশাপাশি দেখে উপস্থিত দর্শকেরা দুজনকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখার দাবি তোলেন। জবাবে দেব জানান, ‘দেশু ৭’ সফল হলে তার পরিচালিত পরবর্তী সিনেমার নায়ক হবেন জিৎ। বিপরীতে থাকা শুভশ্রী গাঙ্গুলি রসিকতা করে বলেন, “আমি তাহলে নায়িকা হব।” দেবও সায় দিয়ে জানান, শুভশ্রীর বিপরীতে যদি অন্য কোনো নায়ককে তিনি দেখতে চান, তিনি হলেন জিৎ। উল্লেখ্য, জিৎ-শুভশ্রী জুটির ঝুলিতে আগে থেকেই বেশ কয়েকটি সুপারহিট সিনেমা রয়েছে।
জিতও দেবের এই কথায় সম্মতি জানিয়ে আশা প্রকাশ করেন যে ‘দেশু ৭’ সফল হবে এবং তা হলে তিনি দেবের পরিচালিত পরবর্তী সিনেমায় অভিনয় করবেন।
অনুষ্ঠানে দেব ও শুভশ্রী দুজনকেই কালো পোশাকে দেখা যায়। ইতোমধ্যে ছবিটির গানের ভিডিও প্রকাশ্যে এসেছে যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। মঞ্চে আরও উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, প্রিয়াংকা সরকার, রজতাভ দত্ত এবং ছবির খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য। শারীরিক উপস্থিতিতে থাকতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা চিঠির মাধ্যমে দেবকে শুভেচ্ছা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এসআর