আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন ছবি
‘দেশু ৭’। সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যে ভক্ত ও নেটিজেনদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি ছবিটির প্রচারণায় ত্রিপুরা সফর শেষ করে কলকাতায় ফেরেন দেব ও শুভশ্রী। সেখানে আয়োজিত অনুষ্ঠানে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইধিকা পাল এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
অনুষ্ঠানে সিনেমা নিয়ে আলোচনার পাশাপাশি শুভশ্রী ও ইধিকা পালের সঙ্গে দেবের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে তাদের বেশ কিছু মিষ্টি মুহূর্ত—যেখানে ইধিকা ও শুভশ্রীর কপালে থাকা কিছু মুছে দিতে দেখা যায় দেবকে। ‘তোর শুধু তোর’ গানে পারফর্ম করার সময় হাঁটু মুড়ে বসে শুভশ্রীর হাতে চুমু এঁকে দেন দেব, যা তাদের পুরোনো কেমিস্ট্রিকে আবারও নতুন করে স্মরণ করিয়ে দেয়। এ ছাড়া ‘ইলিশ-চন্দনা’ গানে ইধিকা পালের সঙ্গে নাচের একপর্যায়ে হাত ধরে শুভশ্রীকেও মঞ্চের মাঝে টেনে নিয়ে আসেন তিনি।
মিডিয়ার সঙ্গে আলাপে শুভশ্রীর প্রশংসা করে দেব বলেন, “শুভশ্রী যদি ‘দেশু ৭’ সিনেমার টিমে থাকে, তাহলে আমার জেতার সম্ভাবনা ৯৯ শতাংশ।” এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব নিজে। আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে, মুক্তির পর বক্স অফিসে একাধিক বাংলা সিনেমার রেকর্ড ভেঙে দেবে এই ছবি। এমনকি চলতি বছরের জানুয়ারি মাসেই বিক্রি হয়ে গেছে সিনেমাটির ‘গোল্ডেন টিকিট’, আর কথা দেওয়া হয়েছে যাদের কাছে এই টিকিট রয়েছে তারাই প্রথম প্রদর্শনীতে ছবিটি দেখার সুযোগ পাবেন।
সিনেমাটি তৈরির পেছনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে দেব উল্লেখ করেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে পূজায় সিনেমা নিয়ে আসতে তাকে বাধার মুখে পড়তে হয়েছিল। শুভশ্রীর কাছে যখন তিনি প্রস্তাব নিয়ে যান, তখন ছবির নাম বা গল্প—কোনোটিই চূড়ান্ত ছিল না। কেবল এককথাতেই রাজি হয়ে যান শুভশ্রী। পরবর্তীতে দেব ও শুভশ্রী জুটির ৭ম সিনেমা হিসেবে একে 'দেশু ৭' বলা শুরু হলে সেই নামটিই দর্শকপ্রিয়তা পায় এবং সিনেমার অফিশিয়াল টাইটেল হিসেবে চূড়ান্ত করা হয়।
এসআর