বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানশালির
বহুপ্রতীক্ষিত পিরিয়ড ড্রামা ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তারা। ছবির শেষ মুহূর্তের কাজের মধ্যেও নিজেদের জন্য কিছুটা বিশেষ সময় বের করে নিয়েছেন এই জুটি।
সম্প্রতি অনুষ্ঠিত হলো অভিনেতা রণবীর কাপুরের জন্মদিন। বিশেষ এই দিনটিতে স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দেন স্ত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করতেই তা নজর কাড়ে ভক্তদের।
সাধারণত পর্দায় প্রেমিক বা স্বামীকে প্রেমিকা কিংবা স্ত্রীকে কোলে তুলতে দেখা গেলেও, এই দম্পতির বাস্তব জীবনের চিত্রে দেখা গেল ভিন্ন এক মিষ্টি দৃশ্য। ছবিতে স্ত্রীর কোলেই দেখা গেছে রণবীরকে!
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন্মদিনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন আলিয়া। প্রথম ছবিতে দেখা যায়, ঘরের এক কোণে রাখা আর্মচেয়ারে বসে পরম ভালোবাসায় রণবীরকে কোলে তুলে জড়িয়ে ধরে আছেন তিনি। কালো স্লিভলেস গেঞ্জিতে রণবীর এবং লাল পোশাকে আলিয়া একে অপরের দিকে তাকিয়ে রোমান্টিক খুনসুটিতে মেতেছেন। ছবিগুলোর ক্যাপশনে আলিয়া লেখেন, ‘শুভ জন্মদিন কিউটি’।
পোস্টটি শেয়ার করার পরপরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তদের অনুরাগে ভেসে যান এই তারকা দম্পতি।
উল্লেখ্য, ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রণবীর-আলিয়া দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম রাহা। দাম্পত্য জীবনের পাশাপাশি কাজের জগতেও দুজনে বেশ সক্রিয়। ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছাড়াও চার হাজার কোটি রুপি বাজেটের মেগাপ্রকল্প ‘রামায়ণ’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর।
এসআর