[email protected] বৃহঃস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩

আইস্ক্রিনে আসছে ‘প্রাণভোমরা’, তৌসিফের বিপরীতে নতুন মুখ শ্রেয়সী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলার চিরপরিচিত রূপকথার ‘প্রাণভোমরা’ ধারণাকে আধুনিক প্রেম, আবেগ ও রহস্যের সঙ্গে মিশিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’।

জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় আইস্ক্রিন অরিজিনাল হিসেবে তৈরি হতে যাওয়া সিরিজটি হবে সাইকোলজিক্যাল ও মিথোলজিক্যাল থ্রিলার।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় সিরিজটির ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।

 

এর আগে আইস্ক্রিনের জন্য ‘চক্র’ ও ‘চক্র-২’ নির্মাণ করে আলোচনায় আসেন ভিকি জাহেদ। এবার ভিন্ন গল্প ও আবহ নিয়ে নতুন এই সিরিজ তৈরি করছেন তিনি।

 

‘প্রাণভোমরা’র গল্পে প্রাচীন বাংলার রূপকথার সেই পরিচিত ধারণাকে সরাসরি অনুসরণ না করে আধুনিক সম্পর্ক, ভালোবাসা, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। রূপকথায় যেমন কোনো চরিত্রের প্রাণ রহস্যময় ভোমরার সঙ্গে যুক্ত থাকার কথা বলা হয়, সিরিজটিতে সেই ধারণাকে ভালোবাসার প্রতীক হিসেবে নতুনভাবে তুলে ধরা হবে।

 

মানুষের অস্তিত্ব একসময় শেষ হয়ে গেলেও তার অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা কি শেষ হয়ে যায়? অতীতের কোনো অনুভূতি কি আবার বর্তমানকে নাড়া দিতে পারে? এমন নানা প্রশ্ন ও রহস্যকে কেন্দ্র করেই এগোবে সিরিজের কাহিনি।

 

নির্মাতার ভাষ্য, ছোটবেলায় শোনা রূপকথার ‘প্রাণভোমরা’র গল্পের সঙ্গে এই সিরিজের সরাসরি মিল নেই। পরিচিত মিথকে আধুনিক প্রেক্ষাপটে নতুন গল্প ও চরিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। গল্পের বিভিন্ন পর্যায়ে সত্যিকারের ভালোবাসা কোথায়, সেটি খুঁজে পাওয়ার প্রয়োজন কেন এবং সেই ভালোবাসা ধ্বংস করার কারণ কী—এসব প্রশ্নের উত্তর সামনে আসবে।

 

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রাণভোমরা’ নামটির মধ্যেই প্রাণ ও হৃদয়ের বিষয়টি রয়েছে। সিরিজের চরিত্রগুলো ভালোবাসা ও সম্পর্কের কথা বলবে। আইস্ক্রিনের কনটেন্ট দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ায় ধারাবাহিকভাবে নতুন সিরিজ নির্মাণের সুযোগ তৈরি হচ্ছে।

 

নির্মাতা ভিকি জাহেদ জানান, চ্যানেল আই ও আইস্ক্রিনের সঙ্গে তার একাধিক কাজ হয়েছে। নতুন সিরিজে তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন নতুন মুখ শ্রেয়সী শ্রেয়া। পাশাপাশি ইন্তেখাব দিনারসহ আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।

 

ভিকি জাহেদ আরও বলেন, প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুনদের নিয়ে কাজ করার সুযোগ তৈরি করাও এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। তার মতে, মানুষের প্রতিদিনের জীবনেও নানা ধরনের অনিশ্চয়তা ও রহস্য থাকে, তাই সাসপেন্সধর্মী গল্প তাকে বরাবরই আকর্ষণ করে।

 

তৌসিফ মাহবুব বলেন, ভালো গল্প ও ভালো কাজের সুযোগ তিনি সবসময় খুঁজে থাকেন। নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতেও তিনি আগ্রহী। শ্রেয়সী শ্রেয়ার মতো নতুন অভিনয়শিল্পীদের সুযোগ দেওয়ার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।

 

অন্যদিকে ‘প্রাণভোমরা’ দিয়ে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে শ্রেয়সী শ্রেয়ার। তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের সুযোগ এবং ভিকি জাহেদের নির্মাণশৈলীতে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। চরিত্রের প্রস্তুতির জন্য গ্রুমিং ও প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও ফিটনেস চর্চা করছেন বলেও জানান এই অভিনেত্রী।

 

আগামী অক্টোবর থেকে ‘প্রাণভোমরা’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর শিগগিরই আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর