কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের
মর্মান্তিক ও অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ ও পূজা চেরী। ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে সিয়াম আহমেদ লেখেন, একজন বাবা হিসেবে অপ্রতিমের ছবিটার দিকে তিনি বেশিক্ষণ তাকাতে পারছেন না; কোনো শিশুর এমন মৃত্যু একজন বাবা-মায়ের জন্য সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা।
অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ঘটনাটির সত্য চাপা না দিয়ে সর্বোচ্চ সততার সাথে সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান এবং সন্তানদের জন্য আরো নিরাপদ এক পৃথিবী তৈরির গুরুত্ব তুলে ধরেন।
একইভাবে গভীর শোক ও হতবাক মনোভাব প্রকাশ করে অভিনেত্রী পূজা চেরী বলেন, একটি পরিবারের একমাত্র সন্তান ও স্বপ্নের এভাবে অকালে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপ্রতিমের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করে তিনি এই ঘটনার পেছনে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন।
এসআর