[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

মা হওয়ার আগে ঘরোয়া আয়োজনে মৌসুমীর বেবি শাওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫৪ পিএম

সংগৃহীত ছবি

মাতৃত্বের অপেক্ষায় দিন কাটছে ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদের।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই প্রথম সন্তানের মা হতে পারেন তিনি। নতুন জীবনের এই অধ্যায় শুরুর আগে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।

 

মৌসুমীর মা হওয়ার খবরকে ঘিরে পরিবার, বন্ধু ও সহকর্মীদের মধ্যেও বইছে আনন্দের হাওয়া। এরই মধ্যে ঘরোয়া পরিসরে তার জন্য আয়োজন করা হয়েছে বেবি শাওয়ার অনুষ্ঠান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সেই আয়োজনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন মৌসুমী।

 

নিজের বাসার ছাদে অনুষ্ঠিত এ আয়োজনে ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটান হবু মা। অনুষ্ঠানে অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ বিনোদন অঙ্গনের আরও অনেকে উপস্থিত ছিলেন। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে গল্প-আড্ডায় আনন্দময় সময় পার করেন মৌসুমী।

 

বেবি শাওয়ারের আয়োজন শেষে স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী। ব্যবসায়ী আবদুল ওয়াদুদের সঙ্গে বিয়ের আগে প্রায় ১৪ বছরের বন্ধুত্ব ছিল মৌসুমীর। দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে মিল থাকায় শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

 

অনুষ্ঠানটি নিয়ে মৌসুমী জানান, তার মা হওয়ার আনন্দ কাছের বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতেই ছোট পরিসরে এ আয়োজন করা হয়। সীমিত পরিসরের কারণে অনেককে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। অতিথিদের দেশীয় খাবারে আপ্যায়ন করা হয়। মেন্যুতে মাছ, ভাতসহ বিভিন্ন ধরনের খাবার ছিল।

 

চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানে প্রথমবার মা হওয়ার সুখবর দেন মৌসুমী হামিদ। এরপর থেকেই তার মাতৃত্ব নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এবার ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বেবি শাওয়ারের আয়োজনের মধ্য দিয়ে সেই আনন্দ আরও এক ধাপ এগিয়ে গেল।

এসআর

সম্পর্কিত খবর