[email protected] বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

‘শাড়িটি উপহার হিসেবে পেয়েছিলাম, এমন গিফট নিয়মিতই আসে’: তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৮ পিএম

সংগৃহীত ছবি

২৮ হাজার টাকার একটি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন অভিনেত্রী তানজিন তিশা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির জামিনের মেয়াদ বাড়ানো ও অভিযোগ গঠনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

তানজিন তিশা বলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এ ধরনের উপহার তাদের নিয়মিতই আসে। তার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষের কোনো চুক্তি ছিল না বলেও দাবি করেন তিনি।

 

আইনের প্রতি আস্থার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, আদালতের প্রতি তার যথেষ্ট সম্মান রয়েছে। ন্যায়বিচারের প্রত্যাশায় প্রয়োজনে তাকে আরও কয়েকবার আদালতে আসতে হলেও তিনি আসবেন।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিশা বলেন, বারবার আদালতে আসার বিষয়টি নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। তবে আইনকে সম্মান করেন বলেই তিনি আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন।

 

মামলাটির বিষয়ে তিনি আরও অভিযোগ করেন, একই পরিবারের দুই বোন তার বিরুদ্ধে একাধিক মামলা করেছেন এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তিনি জানেন না।

বাদীর স্বামী একজন সচিব—এ বিষয়টি পরে জানতে পেরেছেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, কারও ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। নিজের ক্ষেত্রে দর্শকদের ভালোবাসাকেই তিনি তার সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন।

 

তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিন বর্ধিত করার পরবর্তী তারিখ এবং অভিযোগ গঠনের শুনানির বিষয়ে আদালত থেকে পরে জানানো হবে।

 

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন তানজিন তিশা। তার আগে ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

 

জামিনের পর তিশা দাবি করেছিলেন, একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। দীর্ঘ ১৫ বছরের পেশাজীবনে এমন ঘটনায় আদালতে আসতে হওয়া তার জন্য অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। মামলার অভিযোগে অসত্য তথ্য রয়েছে এবং তিনি শাড়ি আত্মসাৎ বা প্রতারণা করেননি বলেও দাবি করেছিলেন অভিনেত্রী।

 

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচার এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

 

এ ঘটনায় ২০২৫ সালে ওই অনলাইন ফ্যাশন পেজের এডমিন আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেন। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

 

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

এসআর

সম্পর্কিত খবর