ধারাবাহিকভাবে ছোট পর্দায় অনুষ্ঠান সঞ্চালনার নতুন চ্যালেঞ্জ পার করছেন ওপার বাংলার
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এর আগে বিভিন্ন সম্মাননা প্রদান অনুষ্ঠানের মঞ্চ সামলালেও, জনপ্রিয় ডেইলি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে নিয়মিত উপস্থাপনা করাটা তাঁর জন্য একদমই ভিন্ন অভিজ্ঞতা। দীর্ঘ দিন ধরে এই অনুষ্ঠানটি সামলানো রচনা ব্যানার্জির জায়গায় নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং ক্যামেরা ও দর্শকদের সামনে একটানা কথা বলে যাওয়াটা মোটেও সহজ কাজ ছিল না।
অনুষ্ঠান পরিচালনার এই জার্নিতে বেশ কিছু শারীরিক অসুস্থতা ও প্রতিকূলতার মুখোমুখিও হতে হচ্ছে তাঁকে। সেটের প্রবল শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ও লাইটের মধ্যে একটানা কথা বলতে গিয়ে সম্প্রতি গলায় ঠান্ডা লেগে স্বস্তিকার স্বর ভেঙে যায়, যা নিয়ে তিনি স্টুডিওর দর্শকদের কাছে আন্তরিকভাবে ক্ষমাও চেয়ে নেন। সিনেমা বা সিরিজের তুলনায় রিয়্যালিটি শো-তে দীর্ঘ সময় অনর্গল কথা বলতে হলেও, শরীর খারাপকে তোয়াক্কা না করে নিষ্ঠার সঙ্গেই নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন এই অভিনেত্রী।
এসআর