অভিনয় ও মডেলিং থেকে কিছুটা দূরে থাকার পর আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী আনিকা কবির শখ।
একসময় তার ওজন ৮০ কেজিতে পৌঁছেছিল। পরে তা কমিয়ে ৭০ কেজিতে আনলেও কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারছিলেন না। নিয়মিত শরীরচর্চা করার চেষ্টা করলেও জিমের ব্যস্ত রুটিন ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল।
পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে লিভারে চর্বি জমার বিষয়টি জানতে পারেন শখ। এরপর নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তিনি। স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে খাবারের তালিকা থেকে বিভিন্ন চর্বিযুক্ত ও মুখরোচক খাবার কমিয়ে দেন।
গরুর মাংসসহ পছন্দের অনেক খাবারেও নিয়ন্ত্রণ আনেন এই অভিনেত্রী। কোরবানির ঈদে অল্প পরিমাণ মাংস খাওয়ার পাশাপাশি খাবারের তালিকায় সবজি, ডিম ও মুরগির মাংসকে বেশি গুরুত্ব দেন।
এভাবে প্রায় সাত মাস নিয়ম মেনে চলার পর ৭০ কেজি থেকে তার ওজন কমে ৫৫ কেজিতে নেমেছে বলে জানা গেছে।
দীর্ঘ বিরতির পর গত শুক্রবার একটি ফ্যাশন শোতে অংশ নেন শখ। সেখানে তার পরিবর্তিত লুক নজর কাড়ে উপস্থিত দর্শকদের। মাতৃত্বের পরও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ইতোমধ্যে নাটক ও সিনেমায় কাজের প্রস্তাব আসতে শুরু করেছে বলে জানা গেছে। নতুন কাজের মাধ্যমে আবারও অভিনয় জগতে নিয়মিত হওয়ার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।
এসআর