নিজের জীবনের নানা ভুল, তিক্ত অভিজ্ঞতা ও মানসিক কষ্টের কথা স্মরণ করে বিবাহবার্ষিকীতে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এই বার্তায় তিনি অতীতে নেওয়া ভুল সিদ্ধান্ত, লোকলজ্জার ভয়ে অন্যায় সহ্য করা এবং পরবর্তীতে কাউন্সেলিং ও থেরাপির মাধ্যমে নিজেকে সামলে নেওয়ার ইতিবাচক অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।
পোস্টে তিনি নিজের জীবনসঙ্গী তানজিম এবং শ্বশুরবাড়ির প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। ফারিয়া উল্লেখ করেন, অতীতে সহ্য করা নানা কষ্টের পর মহান আল্লাহ উপহার হিসেবে তাকে একজন ভালো মনের মানুষ এবং আন্তরিক একটি পরিবার দিয়েছেন। বর্তমানে শ্বশুর-শাশুড়ি ও ননদের সঙ্গে তার চমৎকার সম্পর্কের কথা তুলে ধরে তিনি আলহামদুলিল্লাহ জানান এবং স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান।
আবেগপ্রবণ বার্তার পাশাপাশি স্বামীর জন্য কিছু মজার পরামর্শও যোগ করেছেন এই অভিনেত্রী। তিনি হাস্যরসের সঙ্গে স্বামীকে দুটি বিষয় অনুসরণের তাগিদ দেন:
ঘর থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ করা।
ফ্রিজ থেকে পানি নেওয়ার পর ফ্রিজের দরজা সঠিকভাবে আটকে রাখা।
এসআর