[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

খালেদা জিয়ার আদলে চমকের সাজ, সামাজিক মাধ্যমে প্রশংসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬ ৫:০৮ পিএম

সংগৃহীত ছবি

হালকা রঙের শাড়ি, গলায় মুক্তোর মালা আর চোখে সানগ্লাস—অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের এমন সাজ দেখে প্রথম দেখায় অনেকেরই মনে হতে পারে, পর্দায় যেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া উপস্থিত হয়েছেন।

তবে পরে স্পষ্ট হয়, এটি অভিনেত্রী চমকেরই বিশেষ সাজ।


নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে তার পরিচিত অবয়ব অনুসরণ করে ক্যামেরার সামনে হাজির হন চমক। এ আয়োজনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।


শনিবার (২২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভ্লগ সিরিজটির দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ঢাকার জিয়া উদ্যানসহ কয়েকটি স্টুডিও লোকেশনে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে।


পর্বটিতে চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি। সঙ্গে ছিল মুক্তোর মালা ও সানগ্লাস। খালেদা জিয়ার বহুল পরিচিত পোশাক ও উপস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তার পুরো সাজসজ্জা করা হয়।


ভিডিওটি প্রকাশের পর দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে চমকের সাজ, অভিব্যক্তি ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কারও কারও মন্তব্য, কয়েকটি দৃশ্যে তাকে খালেদা জিয়ার সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ মনে হয়েছে। আবার কেউ এ ধরনের উপস্থাপনাকে ব্যতিক্রমী বলেও উল্লেখ করেছেন।


অভিনয়ের বাইরে চলতি বছর রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় এসেছিলেন চমক। কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। একই সময়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।


২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। কয়েক বছর পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে তার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেন তিনি।


অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় চমক। তার নতুন ভ্লগে খালেদা জিয়ার আদলে সাজে উপস্থিত হওয়ার বিষয়টি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া।

এসআর

সম্পর্কিত খবর