[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

অভিনয়ের পাশাপাশি ব্যাংকিংয়ে তমা মির্জা, শুরু নতুন অধ্যায়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ৬:১৭ পিএম

সংগৃহীত ছবি

অভিনয় জগতে পরিচিত মুখ তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সাম্প্রতিক সময়ে দর্শকের মধ্যে আলোচনায় আসা এই অভিনেত্রী এবার পেশাগত জীবনে নতুন অভিজ্ঞতা যুক্ত করেছেন।

অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে কাজ করছেন তিনি।

 

জানা গেছে, প্রায় তিন মাস ধরে ব্যাংকটির এই দায়িত্ব পালন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন তমা।

 

ব্যাংকিংয়ে যোগ দেওয়ার বিষয়টিকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, তিনি সাধারণত বেছে বেছে অভিনয়ের কাজ করেন এবং বছরে এক বা দুটি সিনেমায় দেখা যায় তাকে। তাই অভিনয়ের পাশাপাশি নতুন কোনো ক্ষেত্র সম্পর্কে জানার সুযোগকে তিনি কাজে লাগাতে চান।

 

তমা বলেন, জীবনের অন্য একটি দিককে explore করার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি। তবে অভিনয় তার পছন্দ ও ভালোবাসার জায়গা হওয়ায় এই পেশা থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা নেই।

 

আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা। এর আগে ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি।

 

এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক হয় তমার। পরবর্তী সময়ে অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।

 

অভিনয়ের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায় যুক্ত হয়ে পেশাগত জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করলেন এই অভিনেত্রী।

এসআর

সম্পর্কিত খবর