রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রিধির বাসা থেকে হাসিবুরকে গ্রেফতার করা হয় বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
পুলিশ জানায়, রিধির মা বাদী হয়ে শনিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার দিন হাসিবুর রিধির বাসায় গিয়েছিলেন। সেখান থেকেই তাকে আটক করে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
শনিবার সকালে রিধিকে তার শয়নকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।
মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।
এসআর