চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৯ আগস্ট) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজির। তিনি জানান, ডনকে সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সিআইডি সূত্রে জানা গেছে, ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ডন।
বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহ হত্যা মামলাটি করেন তার মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, অভিনয়শিল্পী ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকেও মামলায় আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সালমান শাহ নামে পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর থেকেই ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে।
সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যুর তদন্তে হত্যার প্রমাণ পাওয়া গেলে মামলাটি হত্যাকাণ্ড হিসেবে রূপ নেওয়ার সুযোগ রয়েছে।
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অল্প সময়ের চলচ্চিত্র জীবনের মধ্যেই তিনি দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক হিসেবে নিজের অবস্থান তৈরি করেন।
এসআর