[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

‘প্রিয়তমা’ আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি: ইধিকা পাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৬ ৯:৫০ পিএম

সংগৃহীত ফাইল

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান শাকিব খানের সঙ্গে অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে।

মুক্তির পর ছবিটি যেমন দর্শকপ্রিয়তা অর্জন করে, তেমনি ইধিকার অভিনয়ও প্রশংসিত হয়। অভিনেত্রীর ভাষ্য, এই সিনেমা তার অভিনয়জীবনে বিশেষ মোড় এনে দিয়েছে।

 

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা জানান, ‘প্রিয়তমা’র সঙ্গে জড়িয়ে থাকা সময়গুলো এখনও তার কাছে খুবই স্মরণীয়। প্রথমবার ঢাকায় এসে বিএফডিসি ঘুরে দেখা, হাতিরঝিলে সময় কাটানো এবং পরে শুটিং শুরু—সবকিছুই এখনো তার মনে গেঁথে আছে।

 

তিনি বলেন, শাকিব খানের সঙ্গে এটিই ছিল তার প্রথম চলচ্চিত্র। শুটিং শেষ করে কলকাতায় ফিরে গেলেও সিনেমা মুক্তির পর বাংলাদেশজুড়ে যে সাড়া তৈরি হয়েছিল, তা তাকে ভীষণ আনন্দিত করেছিল।

 

ইধিকা আরও জানান, সিনেমাটি মুক্তির পর তিনি তার মাকে নিয়ে ঢাকায় এসে বসুন্ধরা সিনেপ্লেক্সে সাধারণ দর্শকের সঙ্গে বসে ছবিটি উপভোগ করেছিলেন। সিনেমা শেষে মুখে মাস্ক থাকা সত্ত্বেও দর্শকরা তাকে চিনে ফেলেন এবং আন্তরিক ভালোবাসা প্রকাশ করেন। সেই অভিজ্ঞতা আজও তার কাছে বিশেষ স্মৃতি হয়ে রয়েছে।

 

অভিনেত্রীর মতে, ‘প্রিয়তমা’ শুধু একটি সফল সিনেমাই নয়, বরং তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। তিনি ভবিষ্যতেও বাংলাদেশের চলচ্চিত্রে একই ধরনের শক্তিশালী গল্পভিত্তিক চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। তবে এমন সুযোগ আবার কবে আসবে, তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেন তিনি।

 

উল্লেখ্য, বর্তমানে ইধিকা পাল কলকাতায় পরিচালক সৃজিত মুখার্জির নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি দুই বাংলার চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

এসআর

সম্পর্কিত খবর