[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩

অপরাধ-রহস্যে জমছে সৈয়দ রিশাদের ওয়েব সিরিজ ‘খুপরি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৬ ১১:১২ পিএম

সংগৃহীত ছবি

অপরাধ, রহস্য, প্রতিশোধ ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘খুপরি’।

ঢাকার একটি কাল্পনিক মহল্লাকে ঘিরে তৈরি এই সিরিজের নির্মাতা সৈয়দ রিশাদ। চিত্রনাট্য লিখেছেন সৈয়দ শামসের তারিফ।


তিন সিজনে সাজানো হয়েছে ‘খুপরি’র গল্প। কাহিনির কেন্দ্রে রয়েছে ঢাকার কাল্পনিক দুই এলাকা—চাপানি ও তকমা গলি। দীর্ঘদিন ধরে এই দুই এলাকার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। চাপানি গলির প্রভাবশালী ব্যক্তি জসিম ঢালী এবং তকমা গলির নেতৃত্বে থাকা কোহিনুরকে ঘিরে দ্বন্দ্বের সূত্রপাত।


পুরোনো বিরোধ ও প্রতিশোধের ঘটনা ধীরে ধীরে বড় অপরাধের জালে জড়িয়ে পড়ে। মাদক কারবার, চোরাচালান, অনলাইন প্রতারণা থেকে শুরু করে হত্যাকাণ্ড—বিভিন্ন অপরাধের সঙ্গে দুই পক্ষের দ্বন্দ্বের যোগসূত্র তৈরি হয়।


গল্পের গুরুত্বপূর্ণ ‘খুপরি’
সিরিজটির নামের সঙ্গে জড়িয়ে আছে একটি কফিশপ, যার নাম ‘খুপরি’। স্থানীয় বাসিন্দাদের আড্ডার এই স্থানটিই একপর্যায়ে এলাকার বিভিন্ন ঘটনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে।


অপরাধের তদন্ত করতে গিয়ে বিভিন্ন ঘটনার সূত্র এই কফিশপের সঙ্গে যুক্ত হতে থাকে। ফলে রহস্য উন্মোচনের ক্ষেত্রে ‘খুপরি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এলাকার অপরাধের নেপথ্যের ঘটনা অনুসন্ধানে মাঠে নামেন প্রশাসনের কর্মকর্তা জাহানারা। তথ্য সংগ্রহ ও পরিকল্পিত তদন্তের মাধ্যমে তিনি অপরাধচক্রের রহস্য বের করার চেষ্টা করেন। তবে এই এলাকার প্রতি জাহানারার বিশেষ আগ্রহের কারণ কী—সেটিও গল্পে রহস্যের নতুন মাত্রা যোগ করবে।
ভিন্ন চরিত্রে কচি খন্দকার


সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কচি খন্দকার। নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলেও ‘খুপরি’তে দর্শক তাকে ভিন্ন ধরনের ভূমিকায় দেখতে পাবেন।


চরিত্রটির প্রস্তাব পাওয়ার পর কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে অভিনেতা আশা প্রকাশ করেন, সিরিজটি দর্শকদের ভালো লাগবে।


তিন সিজনে গল্প নির্মাতা সৈয়দ রিশাদ জানিয়েছেন, ‘খুপরি’র তিনটি সিজনের আলাদা নাম রাখা হয়েছে। প্রথম সিজনের নাম ‘ফর্মা-তক্ষক’, দ্বিতীয় সিজন ‘তক্ষক-ভিক্ষুক’ এবং তৃতীয় সিজনের নাম ‘ভিক্ষুক-বন্ধুত্ব’।

 

প্রথম সিজনের সাতটি পর্বের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আগস্টের মাঝামাঝি সময়ে দেশীয় ও আন্তর্জাতিক একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর এখন পরবর্তী সিজনের প্রস্তুতি চলছে।


ব্রেইনবাস্কেটের সহযোগিতায় সিরিজটির প্রযোজনায় রয়েছেন মোহাম্মাদ রাসেল খান। তিনি জানান, টানটান উত্তেজনা, থ্রিল ও ব্যতিক্রমী চরিত্রের সমন্বয়ে দর্শকদের নতুন ধরনের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে সিরিজটিকে আলাদাভাবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


‘খুপরি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কচি খন্দকার, দিলরুবা হোসেন দোয়েল, বাসার বাপ্পি, ইকবাল হোসেন, জান্নাতুল রিতু, আনিসা দিয়া, আলেহা, তাফসীর স্বরন ও মনির হোসাইনসহ আরও অনেকে।

এসআর

সম্পর্কিত খবর