[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

ব্র্যান্ড ভ্যালুতে সবাইকে ছাড়িয়ে ভারতের সবচেয়ে দামি তারকা অভিনেত্রী আলিয়া ভাট

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৬ ৮:০২ এএম

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে প্রেক্ষাগৃহে কয়েকটি সিনেমা প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেলেও জনপ্রিয়তায়

 একটুও ভাটা পড়েনি বলিউড তারকা আলিয়া ভাটের। বরং ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে তিনি এখন পুরো ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন। সম্প্রতি প্রকাশিত ‘ক্রোল সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’-এ এই তথ্য উঠে এসেছে।

​প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আলিয়া ভাটের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে প্রায় ৯৩.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯২ কোটি টাকা। এই বিশাল মূল্যমানের সুবাদে তিনি সার্বিক তালিকায় ষষ্ঠ স্থানে অবস্থান করছেন এবং নারী তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন। ব্র্যান্ড ভ্যালুর বিচারে আলিয়া তার স্বামী ও অভিনেতা রণবীর কাপুরকেও পেছনে ফেলেছেন; রণবীরের ব্র্যান্ড ভ্যালু প্রায় ৮০ মিলিয়ন ডলার (প্রায় ৭৬১ কোটি টাকা) নিয়ে তিনি রয়েছেন দশম স্থানে।

​তালিকা অনুযায়ী, ভারতীয় নারী তারকাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। তার ব্র্যান্ড ভ্যালু প্রায় ৮৯.২ মিলিয়ন ডলার (প্রায় ৮৪৯ কোটি টাকা)। দক্ষিণ ও হিন্দি চলচ্চিত্র—উভয় ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক সাফল্য এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে এর পরের স্থানটি দখল করেছেন রশ্মিকা মন্দানা; তার ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ৭৫.২ মিলিয়ন ডলারে (প্রায় ৭১৬ কোটি টাকা)। এছাড়া তালিকার ১৫ নম্বরে কারিনা কাপুর খান, ১৭ নম্বরে কিয়ারা আদভানি, ১৮ নম্বরে কৃতি শ্যানন, ১৯ নম্বরে অনন্যা পাণ্ডে এবং ২৩ নম্বরে স্থান পেয়েছেন জাহ্নবী কাপুর।

​প্রতিবেদনটিতে বিশ্লেষণ করা হয়েছে যে, বর্তমানে কোনো তারকার ব্র্যান্ড ভ্যালু কেবল সিনেমার বাণিজ্যিক সাফল্যের ওপর নির্ভর করে না। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে কাজের সুযোগ ও চুক্তি এবং নিজস্ব ব্যবসা পরিচালনাও বড় ভূমিকা রাখছে। আলিয়ার ক্ষেত্রে অভিনয়ের পাশাপাশি নিজস্ব উদ্যোগ এবং সামাজিক মাধ্যমে বিপুল উপস্থিতি (ইনস্টাগ্রামে আট কোটিরও বেশি অনুসারী) তাকে এই শীর্ষে পৌঁছাতে সহায়তা করেছে।

এসআর

সম্পর্কিত খবর