বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর আবারও ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু।
ধারাবাহিকটি পরিচালনা করছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে শিমুকে ‘রুকাইয়া’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটির প্রথম লুক প্রকাশ করেছে। তবে গল্প কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি এই অভিনেত্রী।
একসময় একক নাটক ও ধারাবাহিক—দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় করতেন সুমাইয়া শিমু। ‘ললিতা’, ‘হাউজফুল’ এবং ‘এফএনএফ’–এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। এরপর দীর্ঘ সময় অভিনয় থেকে বিরত ছিলেন।
প্রায় দেড় বছর আগে ওটিটিতে ‘বেসুরা’ মুক্তির সময় শিমু জানিয়েছিলেন, ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে তিনি আবার নিয়মিত অভিনয়ে ফিরবেন। নতুন এই ধারাবাহিকে অংশ নেওয়ার মাধ্যমে সেই পরিকল্পনারই বাস্তবায়ন হচ্ছে।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ‘ফিরে আসার গল্প’ একটি পারিবারিক আবহের নাটক। বর্তমানে এর প্রাক্-প্রস্তুতির কাজ চলছে এবং আগামী মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং শুরু হলে নাটকের কাহিনি, সম্প্রচারের সময়সূচি এবং অন্যান্য তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
দীর্ঘ বিরতির পর টেলিভিশনের ধারাবাহিকে সুমাইয়া শিমুর প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। এখন অপেক্ষা, নতুন চরিত্রে তিনি কতটা ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেন।
এসআর