জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ–এর মৃত্যুর প্রায় তিন দশক পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের প্রক্রিয়া এগিয়ে নিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সিলেট জেলা প্রশাসন।
রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক শাহ আলম।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। পরে আদেশের অনুলিপি ডাকযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় এবং রোববার তা নথিভুক্ত করা হয়েছে।
আদেশ অনুযায়ী, গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা যে নির্দেশ দিয়েছিলেন, তার অংশ হিসেবে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে মরদেহ উত্তোলন করা হবে। এ সময় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৭৬(২) ধারা অনুযায়ী সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলনের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের নির্দেশ দেন।
পরবর্তীতে ২৩ জুন মামলার বাদী মোহাম্মদ আলমগীর (কুমকুম) মরদেহ উত্তোলনের আদেশ বাতিলের আবেদন করলে আদালত সেটি নথিভুক্ত করার নির্দেশ দেন।
গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন তার মামা আলমগীর কুমকুম। এর আগে আদালত অভিনেতার মৃত্যু আত্মহত্যা ছিল নাকি হত্যা—সেই বিষয়টি পুনরায় তদন্তের নির্দেশ দেন।
মামলায় প্রথম আসামি করা হয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।
এসআর