যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সিনেমা ‘আলফা’
ঘিরে দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। এই ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় স্পাই চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড তারকা আলিয়া ভাট। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই এর অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। পারিশ্রমিকের দিক থেকে বলিউডের অন্য সব শীর্ষ অভিনেত্রীকে ছাড়িয়ে এবার এক নতুন নজির গড়েছেন আলিয়া।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ‘আলফা’ ছবির জন্য আলিয়া ভাট ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর মাধ্যমে তিনি বর্তমান সময়ের অন্যতম শীর্ষ দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে পেছনে ফেলেছেন। এর আগে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় ক্যাটরিনা কাইফ প্রতি ছবির জন্য প্রায় ১৫ কোটি রুপি এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ খ্যাত দীপিকা পাড়ুকোন ২০ কোটির কিছু বেশি রুপি নিতেন। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে হলিউডের কাজ নিয়ে ব্যস্ত থাকায় এবং ক্যাটরিনা কাইফ বড় পর্দায় নিয়মিত না থাকায় পারিশ্রমিকের দৌড়ে আলিয়া সবাইকে ছাড়িয়ে গেছেন।
সিনেমাটিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যের পর এই ছবির জন্য তিনি প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। এছাড়া ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা অভিনেত্রী শর্বরী ওয়াঘ এবং বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর—উভয়েই ৩ কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন। সিনেমাটিতে যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে হৃতিক রোশনকে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে, তবে তার পারিশ্রমিকের পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি।
পর্দায় আলিয়া ভাটের মতো অভিনেত্রীকে এমন শক্তিশালী অ্যাকশন চরিত্রে কতটুকু মানাবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও নির্মাতারা ছবিটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী। ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কাপুর ও হৃতিক রোশনের মতো তারকাদের নিয়ে নির্মিত বিগ বাজেটের ‘আলফা’ সিনেমাটি আগামী ৩ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসআর