স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নতুন এক বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী মৌনী
রায়। এবার তাকে নিয়ে সরাসরি এক বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পরিচিত সংবাদকর্মী ও সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার সিমি চন্দোক। তার দাবি, এই বাঙালি অভিনেত্রী নাকি বেশিরভাগ সময়ই মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিমির এমন মন্তব্য বিটাউনের বিনোদনপাড়ায় নতুন করে তুমুল সমালোচনা ও আলোচনার ঝড় তুলেছে।
'সব সময়ই নেশার ঘোরে থাকেন মৌনী'
সাক্ষাৎকারে সিমি চন্দোক জানান, বলিউড তারকাদের ভেতরের খবর এবং সব ধরনের গতিবিধির ওপর তিনি কড়া নজর রাখেন। সেই সূত্র ধরেই তিনি দাবি করেন, আজ পর্যন্ত তিনি মৌনী রায়ের এমন কোনো ভিডিও বা ফুটেজ দেখেননি, যেখানে অভিনেত্রীকে সম্পূর্ণ স্বাভাবিক বা সচেতন মনে হয়েছে। সিমির ভাষ্যমতে, মৌনী প্রায় সব সময়ই এক ধরনের নেশার ঘোরে আচ্ছন্ন থাকেন। উল্লেখ্য, এর আগেও বলিউড তারকা বীর দাসের ঠোঁটে কঙ্গনা রানাওয়াতের কামড় দেওয়ার একটি পুরনো ঘটনা নিয়ে মন্তব্য করে বেশ চর্চায় এসেছিলেন এই ইনফ্লুয়েন্সার।
সেই ভাইরাল ভিডিও ও পুরোনো বিতর্ক
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বলিউডের অনেক তারকা এবং তাদের সন্তানদের বিভিন্ন সময়ে মদ্যপ অবস্থায় ক্যামেরাবন্দি হতে দেখা গেছে, যার মধ্যে মৌনী রায়ের নামও জড়িয়েছে। গত বছরের (২০২৫) শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। সেখানে দেখা যায়, স্বামী সুরজ নাম্বিয়ার এবং ঘনিষ্ঠ বান্ধবী দিশা পাটানির সঙ্গে একটি বার থেকে বের হওয়ার সময় মৌনী নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাস্তায় পড়ে যান।
মুখে কুলুপ মৌনী ও সুরজের
রাস্তায় পড়ে যাওয়ার পর সে সময় স্বামী সুরজ দ্রুত তাকে টেনে তোলেন এবং গাড়িতে বসিয়ে দেন। ওই ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভক্ত ও নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। মৌনী সত্যিই অতিরিক্ত মদ্যপান করেছিলেন কি না, তা নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়। তবে সেই ভাইরাল ভিডিও কিংবা সাম্প্রতিক এই গুরুতর অভিযোগ—কোনোটি নিয়েই মৌনী রায় বা তার স্বামী সুরজ নাম্বিয়ারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
এসআর