দেশের টেলিভিশন অঙ্গনের পরিচিত ও আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী গত শুক্রবার (৫ জুন) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজধানীর
বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিকভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামী মুশতাক ইবনে আইয়ুব একজন শিক্ষক ও গবেষক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই নবদম্পতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। নেটিজেনদের একাংশ যেমন তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি অন্য অংশটি তাদের বয়স, পেশা ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন নেতিবাচক ও অযাচিত মন্তব্য করছেন।
অনলাইনের এসব নেতিবাচক সমালোচনাকে পাত্তা না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছেন দীপ্তি চৌধুরী। বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান! তিনি আমার দেখা সবচেয়ে সুন্দর হৃদয়ের মানুষ। তার প্রতি ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে গভীর শ্রদ্ধা। চলুন ভদ্রলোক, আমরা আমাদের এই নতুন যাত্রা শুরু করি।’
পোস্টটি শেয়ার করার তিন দিনের মধ্যে আড়াই লাখের বেশি রিঅ্যাকশন এবং ২৫ হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। এর একদিন পর গায়েহলুদের ছবি শেয়ার করে দীপ্তি লেখেন, ‘একমুঠো হলুদ, এক আকাশ আনন্দ, আর এক জীবনের অপেক্ষা।’ ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় শুরুর পরপরই ওসব আলোচনা-সমালোচনার মাঝে আবারও নিজের চিরচেনা পেশা তথা অনুষ্ঠান রেকর্ডিং ও উপস্থাপনার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন দীপ্তি।
এসআর