দক্ষিণী সুপারস্টার রামচরণের বিপরীতে ‘পেড্ডি’ সিনেমায় অভিনয় করে বক্স অফিসে সফলতা পেলেও নেটিজেন ও সমালোচকদের তীব্র
কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমায় একজন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করলেও তার পোশাক ও অতিরিক্ত শরীর প্রদর্শন নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। দর্শক ও সমালোচকদের একাংশের দাবি, দর্শক আকর্ষণের জন্য সিনেমায় মাত্রাতিরিক্ত অশ্লীলতা ও অহেতুক যৌন ভঙ্গিমার আশ্রয় নেওয়া হয়েছে, যা প্রেক্ষাগৃহে দেখার মতো পরিবেশ রাখেনি।
এই বিতর্কের জেরে সামাজিক মাধ্যমে জাহ্নবীর একটি কথোপকথন ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজেই স্বীকার করেছেন যে পর্দায় তার চরিত্রের চেয়ে শরীরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শুটিংয়ের সময় স্তন ও কোমরের আলাদা ক্লোজ-আপ শট নিতে তিনি এবং নায়ক রামচরণ যৌথভাবে চিত্রগ্রাহককে নিষেধ করলেও তা মানা হয়নি।
জাহ্নবীর এই তিক্ত অভিজ্ঞতার পর তার সমর্থনে মুখ খুলেছেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ও বলিউড তারকা কঙ্গনা রানাউত। জয়া বচ্চন তার ক্যারিয়ারের 'শোর' সিনেমার উদাহরণ টেনে জানান, অনভিপ্রেত আচরণের কারণে তিনি পরিচালকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন এবং এরপর তার সাথে কাজ করেননি।
অন্যদিকে কঙ্গনা জানান, কাজের ক্ষেত্রে নিজের সীমারেখা তিনি নিজেই নির্ধারণ করেন। ব্যাপক সমালোচনার মুখে অবশেষে সিনেমার পরিচালক বুচি বাবু সানা এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, কাউকে অস্বস্তিতে ফেলা বা নারীদের অবমাননা করার কোনো উদ্দেশ্য তার ছিল না এবং তিনি সর্বদা নারীর প্রতি শ্রদ্ধাশীল।
এসআর