জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগে স্বর্ণপদক বিতরণ ও নবীনবরণসহ একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গ্যালারি কক্ষে এসব আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বক্তব্যে তিনি স্বর্ণপদক অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, অধ্যবসায়, নিষ্ঠা ও বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা বিকশিত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও দেশের মর্যাদা বাড়াতে ভূমিকা রাখতে হবে।
উপাচার্য আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করা সম্ভব। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি মেধাবীদের স্বীকৃতি দেওয়ায় এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমিনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুব কবির এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নূরুল আলম।
এ ছাড়া বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সাবেক অধ্যাপক ড. সৈয়দ সাব্বির আহমেদ, অধ্যাপক মোহাম্মদ হুমায়ূন কবির ও অধ্যাপক মোতালেব হোসেন।
অনুষ্ঠানে ২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রিয়া আক্তারকে এবং স্নাতকোত্তরে কৃতিত্বের জন্য স্বর্ণা সরকারকে স্বর্ণপদক দেওয়া হয়। অন্যদিকে, ২০২৩ সালের স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য মো. মাসুদ রানা ও রিয়া আক্তার এ সম্মাননা লাভ করেন।
এ ছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে বিভাগের ৫৫তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই আয়োজনে গণিত সংসদের ২০২৪–২৫ সালের কমিটির শপথ গ্রহণ এবং ২০২৩–২৪ সালের কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এফ/ডি