২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র
পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের সময়সূচি পরিবর্তন করে পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আজ সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় এই ফল প্রকাশিত হবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ভিজিট করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি কেন্দ্রীয় ফল প্রকাশের নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এছাড়া আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও পরীক্ষার্থীদের ফল পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন যে সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল দেওয়া হবে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়ের চার ঘণ্টা পর বিকেল ৩টায় ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। এসব শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হয়েছে।
এইচ/এম