বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং এ ক্ষেত্রে শিক্ষার্থীদের নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার উপায় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আফসানা হক। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের শিক্ষক ও আইইএলটিএস প্রশিক্ষক মো. সোহেল রানা।
এ ছাড়া বক্তব্য দেন গ্লোবাল ট্যালেন্ট এডুকেশন কনসালটেন্সির আইইএলটিএস কো-অর্ডিনেটর সাদিয়া আফরিন এবং প্রশিক্ষক তাসনিম ওয়াসিথ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়। পেশাগত জীবনে এগিয়ে যেতে ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা অর্জন জরুরি। বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং আন্তর্জাতিক চাকরির বাজারে সুযোগ পেতে ভাষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে ভাষা ও পেশাগত দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখানোর জন্য পৃথক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করেছে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ ও কর্মজীবনের প্রস্তুতিতে সহায়ক হবে।
বিশেষ অতিথি অধ্যাপক ড. আফসানা হক বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে ইচ্ছুক অনেক শিক্ষার্থীর আইইএলটিএস পরীক্ষা ও প্রস্তুতির বিষয়ে পর্যাপ্ত ধারণা নেই। তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে এ ধরনের আয়োজন নিয়মিত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক এবং গ্লোবাল ট্যালেন্ট এডুকেশন কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ড. সাইফুল ইসলাম।
তিনি জানান, ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকার সময় শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা সম্পর্কে তাঁর ধারণা তৈরি হয়। পরে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনিতে পিএইচডি করতে গিয়ে এ বিষয়ে আরও অভিজ্ঞতা অর্জন করেন। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চিন্তা থেকেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি।
ড. সাইফুল ইসলাম আরও বলেন, প্রতিষ্ঠানটির মাধ্যমে শিক্ষার্থীদের আইইএলটিএস প্রস্তুতি, অনুশীলনী পরীক্ষা, নিবন্ধন এবং বিদেশে উচ্চশিক্ষার আবেদনপ্রক্রিয়ায় সহায়তা করা হচ্ছে। পাশাপাশি গবেষণা ও প্রকাশনার কাজেও শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আইইএলটিএস পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের স্বচ্ছ ধারণা তৈরি, প্রস্তুতির সময় সম্মুখীন হওয়া সমস্যাগুলো তুলে ধরা এবং সেগুলোর কার্যকর সমাধান সম্পর্কে জানানোই ছিল সেমিনারের প্রধান লক্ষ্য।
এফ/ডি