একসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নিয়মিত সংগীতানুষ্ঠান, নাটক, আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হতো।
বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত সংগঠন থাকলেও নিয়মিত কর্মকাণ্ডে তাদের উপস্থিতি আগের তুলনায় কমেছে। নতুন সদস্য সংগ্রহে অনীহা, অর্থের অভাব, প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ও অনুশীলনের স্থানসংকটের পাশাপাশি নেতৃত্বের দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এর সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ঘাটতিও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গতি কমিয়ে দিয়েছে। ফলে একসময় ক্যাম্পাসের সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা সংগঠনগুলো এখন নিজেদের কার্যক্রম টিকিয়ে রাখতেই নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যান্ড সংগঠন ‘প্ল্যাটফর্ম’-এর কার্যক্রমেও এ পরিস্থিতির প্রভাব পড়েছে। ২০১৫ সালে যাত্রা শুরু করা সংগঠনটি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সংগীতচর্চার পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে। ২০১৯ সালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনকে নিয়ে আয়োজন, ২০২০ সালে ‘ইকোস’ ও ‘এনকোর’ ব্যান্ডের পরিবেশনা এবং পরবর্তী সময়ে ‘লেটস ভাইব নিউ ইয়ার কনসার্ট’-এর মতো বড় আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল সংগঠনটি।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্ল্যাটফর্মের সভাপতি ইমাম হোসাইন মাসুম বলেন, দক্ষ সংগীতশিল্পীর স্বল্পতা, বাদ্যযন্ত্রের অভাব এবং প্রয়োজনীয় সরঞ্জামসংকটের কারণে এখন বড় পরিসরের কনসার্ট আয়োজন কমিয়ে দিতে হয়েছে। তবে সংগঠনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। সদস্যরা নিজেদের মধ্যে নিয়মিত অনুশীলন করছেন। প্রয়োজনীয় উপকরণ ও প্রশাসনিক সহযোগিতা পাওয়া গেলে আবারও বড় ব্যান্ডগুলোকে নিয়ে কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সাংস্কৃতিক সংগঠনগুলোর আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সদস্য ধরে রাখা এবং নতুন নেতৃত্ব তৈরি করা। শিক্ষার্থীদের আগ্রহের পরিবর্তন ও বিভিন্ন ব্যাচের মধ্যে যোগাযোগের ঘাটতি সাংগঠনিক ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করছে।
এ বিষয়ে সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’-এর সভাপতি মাহমুদুল হাসান হৃদয় বলেন, আগে ক্যাম্পাসে বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যেত, বর্তমানে তা অনেকটাই কমেছে। সাধারণ সদস্যদের সক্রিয়তা না থাকায় সংগঠন পরিচালনা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের সঙ্গে পুরোনো সদস্যদের কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়ে না ওঠায় সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা যাচ্ছে না।
শিক্ষার্থীদের পছন্দের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের তুলনায় পেশাগত দক্ষতা অর্জন, সামাজিক যোগাযোগ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি করে—এমন সংগঠনের প্রতি অনেকের আগ্রহ বাড়ছে।
‘অনুপ্রাস কুবি’র সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, বর্তমানে শিক্ষার্থীদের বড় একটি অংশ এমন সংগঠনের সঙ্গে যুক্ত হতে চায়, যেখান থেকে দক্ষতা অর্জনের পাশাপাশি আর্থিক বা পেশাগত সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে। ফলে অনুপ্রাসের মতো সাংস্কৃতিক সংগঠনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ কমছে।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক চর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। এ অবস্থা পরিবর্তনে শিক্ষার্থীদের বর্তমান আগ্রহ ও চাহিদা বিবেচনায় নিয়ে প্রতিযোগিতা, অনুষ্ঠান এবং বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচি আয়োজন করতে হবে। পাশাপাশি প্রশাসনের নিয়মিত আর্থিক ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা নিশ্চিত করা গেলে সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়তে পারে।
অর্থনৈতিক সীমাবদ্ধতাও সংগঠনগুলোর কার্যক্রমে বড় বাধা হয়ে আছে। অনেক সংগঠন সদস্যদের চাঁদা কিংবা ব্যক্তিগত অনুদানের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। এতে নিয়মিত ছোটখাটো আয়োজন করা গেলেও বড় অনুষ্ঠান বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে।
থিয়েটার কুবির সভাপতি তন্ময় সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক নিবন্ধিত সংগঠন থাকলেও সারা বছর তাদের কার্যক্রমে ধারাবাহিকতা দেখা যায় না। বিশেষ দিবস ও উৎসবের বাইরে সাংস্কৃতিক আয়োজন কম হওয়ার পেছনে শিক্ষার্থীদের পড়াশোনা এবং ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে ব্যস্ততাও ভূমিকা রাখছে। সংগঠনের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামাজিক দক্ষতা অর্জনের সুযোগ থাকলেও অনেক শিক্ষার্থী দীর্ঘমেয়াদি সাংগঠনিক কাজে সময় দিতে আগ্রহী হচ্ছেন না।
তিনি জানান, স্থায়ী বাজেট না থাকায় সদস্যদের ব্যক্তিগত চাঁদা ও অনুদানের ওপর নির্ভর করেই সংগঠন চালাতে হচ্ছে। ফলে বড় আয়োজনের পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দিকনির্দেশনা ও পরামর্শের অভাবের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার গঠনের সঙ্গে যুক্ত করা, সংগঠনগুলোর জন্য নির্দিষ্ট বার্ষিক বাজেট রাখা এবং প্রশাসনকে সহযোগী ভূমিকা পালন করতে হবে।
প্রতিবর্তনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয়ও মনে করেন, বড় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তিনি সংগঠনগুলোর জন্য আলাদা বাজেট বরাদ্দ এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান। প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ থাকলে ক্যাম্পাসে আবারও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে সাংস্কৃতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয়তার জন্য শুধু প্রশাসনের সীমাবদ্ধতাকে দায়ী করতে রাজি নয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর। সংগঠনগুলোর নিজেদের মধ্যে যোগাযোগ ও অংশগ্রহণের ঘাটতিকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছে দপ্তরটি।
এ বিষয়ে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দীন বলেন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম বাড়াতে আলোচনা এবং পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও দু-একটি সংগঠন ছাড়া অন্যদের তেমন সাড়া পাওয়া যায় না। ফলে সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
তবে ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে কয়েকটি পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এর অংশ হিসেবে প্রতিটি ব্যাচের র্যাগ ডে কেন্দ্রীয়ভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি উল্লেখযোগ্য বাজেট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে জানান তিনি।
এ ছাড়া চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে ‘সেরা কণ্ঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে সংগীতবিষয়ক একটি প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনার কথাও জানান দপ্তরটির পরিচালক।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো, সংগঠনগুলোর মধ্যে সমন্বয় তৈরি এবং প্রশাসনের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করা গেলে কুবি ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পুরোনো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব।
এফ/ডি