এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করলেই সরকারি উদ্যোগে বিনামূল্যে ল্যাপটপ পাওয়া যাবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ উদ্যোগ বাস্তবায়ন করছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা উন্নয়ন কর্মসূচির (এসইডিপি) আওতায় ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে।
যে প্রক্রিয়ায় বাছাই করা হবে শিক্ষার্থী
ল্যাপটপ দেওয়ার ক্ষেত্রে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০ জন করে শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হবেন।
এ ক্ষেত্রে শুধু জিপিএ বিবেচনা করা হবে না; পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করা হবে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বিভাগভিত্তিক বণ্টনও নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫০ শতাংশ, মানবিক বিভাগের ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২০ শতাংশ শিক্ষার্থী থাকবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের অনুসৃত নিয়ম অনুযায়ী অন্য সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেও একই পদ্ধতিতে শিক্ষার্থী বাছাই করা হয়েছে। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ক্ষেত্রে বিভাগ ও পরীক্ষার ধরন অনুযায়ী কিছুটা আলাদা নিয়ম প্রয়োগ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ডের সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে সেই তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সমান নম্বর পাওয়া শিক্ষার্থীদের জন্যও সুযোগ
প্রাথমিকভাবে প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার কথা রয়েছে। তবে কোনো বোর্ডে মেধাক্রমের ১০০তম স্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাদেরও বিবেচনায় নেওয়া হবে। এ কারণে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণের পরিকল্পনা করা হয়েছে। সব মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ৫০০ শিক্ষার্থী ল্যাপটপ পেতে পারেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ডের মেধাবী শিক্ষার্থীদের এ সুবিধা দেওয়া হবে। পরবর্তী সময়ে অন্যান্য উদ্যোগের মাধ্যমে কর্মসূচির পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
ল্যাপটপ বিতরণে ব্যয় ১৭ কোটি টাকা
শিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে ল্যাপটপ কেনা ও বিতরণে আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা খরচ হতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনও পাওয়া গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশে উৎসাহ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে তারা উচ্চশিক্ষার প্রস্তুতিতেও বাড়তি সুবিধা পাবেন।
কর্মসূচির পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম জানান, শিক্ষার্থীদের জন্য উন্নত মানের ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাপটপ কেনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরকারি ক্রয়বিধি (পিপিআর-২০২৫) অনুসরণ করে এসব ল্যাপটপ সংগ্রহ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ডিভাইস তুলে দেওয়ার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের জন্যও একই ধরনের প্রণোদনা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এফ/ডি