ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
ঢাকার ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি বিদ্যালয়ের সংযুক্ত ফিডার শাখাসহ মোট ৪৯টি প্রতিষ্ঠানে এই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। পরীক্ষার সুবিধার্থে বিদ্যালয়গুলোকে ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
সম্প্রতি মাউশির উপপরিচালক (মাধ্যমিক) এবং ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্যসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রমের বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয়গুলোতে শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজস্ব নোটিশ বোর্ডে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবে। পুরো প্রক্রিয়া পরিচালিত হবে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৭ (সংশোধিত)’ অনুসারে।
প্রথম শ্রেণিতে লটারি ১৫ ডিসেম্বর
প্রথম শ্রেণির শিক্ষার্থী বাছাইয়ে আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে লটারি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। গ্রুপ অনুযায়ী পরীক্ষার সময়সূচি নিচে দেওয়া হলো—
‘এ’ গ্রুপ: ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার)
‘বি’ গ্রুপ: ১৮ ডিসেম্বর (শুক্রবার)
‘সি’ গ্রুপ: ১৯ ডিসেম্বর (শনিবার)
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
মাউশির নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। পরীক্ষার সময় এক ঘণ্টা। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো—বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য মোট নম্বর ১০০। সময় থাকবে দুই ঘণ্টা। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
কোন গ্রুপে কোন বিদ্যালয়
মাউশির প্রকাশিত তালিকা অনুযায়ী, তিনটি গ্রুপে বিদ্যালয়গুলোর নাম দেওয়া হয়েছে।
‘এ’ গ্রুপের ১৬টি বিদ্যালয়:
১. গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল
২. তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
৩. মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৪. খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
৫. নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়
৬. নিউ গভ. গার্লস হাই স্কুল
৭. ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
৮. ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
৯. রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১০. আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ
১১. উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১২. কামরাঙ্গীর চর সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১৩. কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
১৪. সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় অ্যান্ড কলেজ
১৫. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ
১৬. মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।
‘বি’ গ্রুপের ১৬টি বিদ্যালয়:
১. মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়
২. নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়
৩. ঢাকা গভ. মুসলিম হাই স্কুল
৪. বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৫. শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়
৬. গভর্নমেন্ট মডেল হাই স্কুল
৭. ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
৮. মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
৯. হাজী এম এ গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১০. ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়
১১. জুরাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১২. দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১৩. সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১৪. সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়
১৫. শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ
১৬. ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের ফিডার শাখা।
‘সি’ গ্রুপের ১৭টি বিদ্যালয়:
১. ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল
২. আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়
৩. শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৪. টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৫. তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৬. ঢাকা কলেজিয়েট স্কুল
৭. গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়
৮. মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়
৯. হাজারীবাগ সরকারি উচ্চ বিদ্যালয়
১০. ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১১. মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়
১২. শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়
১৩. সরকারি মোল্লার টেক উদয়ন উচ্চ বিদ্যালয়
১৪. লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়
১৫. লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ
১৬. রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ
১৭. খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।
কোটায় নির্বাচিতদের জন্য বিশেষ নির্দেশনা
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পরদিন সকাল ১০টায় কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষকের কাছে সাক্ষাৎকার দিতে হবে এবং সংশ্লিষ্ট কোটার পক্ষে প্রমাণপত্র জমা দিতে হবে।
নির্ধারিত কাগজপত্র দেখাতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল হতে পারে। সেক্ষেত্রে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনে অন্য শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে।
এফ/ডি